ওয়েব ডেস্ক; ১৫ আগস্ট: কেন্দ্রীয় জনজাতি বিষয়ক প্রতিমন্ত্রী দুর্গাদাস উইকে লোকসভায় জানিয়েছেন, জনজাতি বিষয়ক মন্ত্রক একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল (ইএমআরএস) কর্মসূচি রূপায়ণ করছে জনজাতিভুক্ত ছাত্র-ছাত্রীদের তাদের নিজেদের পরিবেশে গুণমান সম্পন্ন শিক্ষা প্রদান করতে স্থানীয় শিল্প এবং সংস্কৃতি রক্ষা করেই। ২০১১-র জনগণনা অনুযায়ী ৫০%-এর বেশি মানুষ জনজাতিভুক্ত এবং অন্তত ২০ হাজার জনজাতির মানুষ আছেন এমন ব্লকগুলিতে ইএমআরএস স্থাপন করা হচ্ছে। এপর্যন্ত, ৭২৮টি ইএমআরএস অনুমোদন করা হয়েছে, তার মধ্যে সারা দেশে ৫০৮টি স্কুল চালু রয়েছে। পশ্চিমবঙ্গে অনুমোদিত ৯টি ইএমআরএস-ই চালু আছে। আলিপুরদুয়ার জেলার কোনো ব্লকই ইএমআরএস স্থাপনের নির্ধারিত মাপকাঠি পূরণ করেনি।
জনজাতি বিষয়ক মন্ত্রকের অধীন স্বশাসিত সংস্থা, ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্টস (এনইএসটিএস), সারা দেশে ইএমআরএস প্রকল্পের সার্বিক নীতিগত নির্দেশনা, প্রাতিষ্ঠানিক সহায়তা, পর্যবেক্ষণ, সক্ষমতাবর্ধন, নিয়োগ, প্রক্রিয়াগুলির মানসম্মতকরণ এবং বাস্তবায়ন করে থাকে। রাজ্য ইএমআরএস সমিতিগুলি তাদের নিজ নিজ আওতাধীন এলাকায় ইএমআরএস-এর বাস্তবায়ন, প্রশাসন এবং দৈনন্দিন ব্যবস্থাপনার তত্ত্বাবধান করে। জেলা কালেক্টর/জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে জেলা পর্যায়ের ইএমআরএস কমিটিগুলি স্থানীয় পর্যায়ে তত্ত্বাবধান করে এবং স্থানীয়ভাবে রূপায়ণ সংক্রান্ত সমস্যাগুলির সমাধান করে।
