ওয়েব ডেস্ক; ২১ আগস্ট: উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবন্টন মন্ত্রকের অধীনস্থ উপভোক্তা বিষয়ক বিভাগ
সরকার অনুমোদিত পরীক্ষা কেন্দ্র (জিএটিসি) হিসেবে স্বীকৃতির জন্য উপযুক্ত শিল্প, পরীক্ষাগার, ইঞ্জিনিয়ারিং কলেজ, পলিটেকনিক, আইটিআই এবং পরীক্ষা কেন্দ্রগুলির কাছ থেকে অনলাইন আবেদনপত্র আহ্বান করছে।
আবেদন প্রক্রিয়া বর্তমানে চালু থাকায় সংস্থাগুলিকে ৩১ আগস্ট, বিকেল ৫:০০টার মধ্যে বিভাগের অনলাইন পোর্টাল emaap.gov.in/gatc-এর মাধ্যমে তাদের আবেদনপত্র জমা দিতে হবে। এই পোর্টালটি আবেদনপত্র জমা দেওয়া, ফি প্রদান, আবেদন পর্যবেক্ষণ এবং আবেদনকারীদের সঙ্গে যোগাযোগের জন্য একটি সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়া প্রদান করে, যা এই প্রক্রিয়াটিকে সহজ, স্বচ্ছ এবং ব্যবসা-বান্ধব করে তুলেছে।
জিএটিসি উদ্যোগের লক্ষ্য হল, বাণিজ্য ও ব্যবসায় ব্যবহৃত নির্দিষ্ট ওজন ও পরিমাপের যাচাইকরণ এবং পুনঃযাচাইকরণে প্রযুক্তিগতভাবে দক্ষ বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে অংশগ্রহণের সুযোগ দিয়ে যাচাইকরণ ব্যবস্থাকে প্রসারিত করা।
এখন পর্যন্ত, ৫১টি জিএটিসি-কে স্বীকৃতি দেওয়া হয়েছে। বিভাগটি এখন এই নেটওয়ার্ককে আরও প্রসারিত করছে, যাতে ব্যবসা প্রতিষ্ঠানগুলি তাদের কাছাকাছি যাচাইকরণ সুবিধা আরও সহজে পেতে পারে। এর ফলে যাচাইকরণে সময় কমে আসবে এবং দ্রুততর নিয়ম পালনে সুবিধা হবে।
ওজন ও পরিমাপের ২৩টি বিভাগ এখন অন্তর্ভুক্ত
জিএটিসি বিধিসমূহের সাম্প্রতিক সংশোধনের পর, স্বীকৃত জিএটিসি-গুলো স্বাস্থ্য পরিষেবা, বিদ্যুৎ, পরিবহন, উৎপাদন এবং পরিকাঠামোর মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিকে অন্তর্ভুক্ত করে ২৩টি বিভাগের ওজন ও পরিমাপের যাচাইকরণ এবং পুনঃযাচাইকরণ করতে পারবে। এগুলির মধ্যে রয়েছে:
(১) ওয়াটার মিটার
(২) স্ফিগমোম্যানোমিটার
(৩) ক্লিনিক্যাল থার্মোমিটার
(৪) অটোমেটিক রেল ওয়েব্রিজ
(৫) টেপ পরিমাপ
(৬) নন-অটোমেটিক ওজন মাপার যন্ত্র (১৫০ কেজি পর্যন্ত)
(৭) নন-অটোমেটিক ওজন মাপার যন্ত্র
(৮) লোড সেল
(৯) বিম স্কেল
(১০) কাউন্টার মেশিন
(১১) সকল শ্রেণীর ওজন মাপার যন্ত্র
(১২) গ্যাস মিটার
(১৩) এনার্জি মিটার
(১৪) ময়েশ্চার মিটার
(১৫) গাড়ির গতি মাপার মিটার
(১৬) ব্রেথ অ্যানালাইজার
(১৭) বহুমাত্রিক পরিমাপক যন্ত্র
(১৮) ফ্লো মিটার
(১৯) পেট্রোল ও ডিজেল ডিসপেনসার
(২০) সিএনজি ডিসপেনসার
(২১) এলপিজি ডিসপেনসার
(২২) এলএনজি ডিসপেনসার
(২৩) হাইড্রোজেন ডিসপেনসার।
পেট্রোল, ডিজেল, সিএনজি, এলপিজি, এলএনজি এবং হাইড্রোজেন ডিসপেনসারের অন্তর্ভুক্তি জিএটিসি কাঠামোর সাম্প্রতিক সম্প্রসারণের একটি অংশ। এটি জ্বালানি বণ্টন ব্যবস্থার জন্য যাচাইকরণ ক্ষমতা শক্তিশালী করতে এবং জ্বালানি লেনদেনে সঠিক পরিমাপ ও স্বচ্ছতা রক্ষায় সাহায্য করবে।
আবেদন প্রক্রিয়া ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত চালু থাকবে।
যে সব যোগ্য সংস্থা ‘সরকার অনুমোদিত পরীক্ষাকেন্দ্র’ (জিএটিসি) হিসেবে কাজ করতে আগ্রহী, সেগুলি emaap.gov.in/gatc পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারে।
আবেদনের সময়সীমা: ১৭ আগস্ট ২০২৬ থেকে ৩১ আগস্ট ২০২৬।
শেষ তারিখ ও সময়: ৩১ আগস্ট ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত।
যোগ্যতার শর্তাবলি, প্রয়োজনীয় আবশ্যিক বিষয় এবং আবেদন প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত তথ্য পোর্টালে পাওয়া যাবে। যোগ্য সংস্থাগুলিকে সময়সীমা শেষ হওয়ার আগেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হচ্ছে। বর্তমানে ৫১টি জিএটিসি-কে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং যাচাইকরণের পরিধি ২৩টি বিভাগে সম্প্রসারিত করা হয়েছে। এর মাধ্যমে বিভাগটি ভারতের পরিমাপ যাচাইকরণ নেটওয়ার্ককে আরও বিস্তৃত করছে, যাতে শিল্পক্ষেত্র সহজে পরিষেবা ও দ্রুত নিয়ম-কানুন মেনে চলার সুবিধা পেতে পারে এবং বাণিজ্যিক পরিমাপের নির্ভুলতার বিষয়ে ভোক্তাদের আস্থা বৃদ্ধি পায়।
