ওয়েব ডেস্ক; ২৮ আগস্ট: ভারত ২৬ আগস্ট রাশিয়ার মস্কোতে অবস্থিত রাশিয়ান একাডেমি অফ সায়েন্সেসের এ. এন. সেভের্তসব ইনস্টিটিউট অফ ইকোলজি অ্যান্ড ইভোলিউশনে অনুষ্ঠিত তুষার চিতা গবেষণা ও সংরক্ষণ বিষয়ক রুশ-ভারতীয় গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করে। তুষার চিতা গবেষণা ও সংরক্ষণে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে, ডিসেম্বর ২০২৫-এ স্বাক্ষরিত আন্তঃআঞ্চলিক সংস্থা ‘ইরবিস’ এবং আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স (আইবিসিএ)-এর মধ্যে অংশীদারিত্ব চুক্তি কাঠামোর আওতায় এই বৈঠকটির আয়োজন করা হয়েছিল।

ভারত সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের প্রতিনিধিদল ক্রমবর্ধমান বিজ্ঞান-ভিত্তিক উদ্যোগের মাধ্যমে তুষার চিতা সংরক্ষণ কর্মসূচিতে দেশের অগ্রগতির কথা তুলে ধরে। ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (ডব্লুআইআই) আধিকারিকরা তুষার চিতার সংখ্যা নিরূপণ, রেডিও টেলিমেট্রি এবং জিনগত বিশ্লেষণের ক্ষেত্রে অগ্রগতির বিষয়ে বিশদভাবে আলোচনা করেন এবং সংরক্ষণ প্রচেষ্টাকে শক্তিশালী করতে বৈজ্ঞানিক সরঞ্জামগুলির ক্রমবর্ধমান ভূমিকার ওপর জোর দেন।

এই বৈঠকে রুশ ফেডারেশনের প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ মন্ত্রক, রুশ বিজ্ঞান একাডেমির এ. এন. সেভের্তসভ ইনস্টিটিউট অফ ইকোলজি অ্যান্ড ইভোলিউশন, মস্কো চিড়িয়াখানা, রস্প্রিরোদনাদজর-এর প্রতিনিধি এবং তুষার চিতা গবেষণা ও সংরক্ষণের ক্ষেত্রে শীর্ষস্থানীয় বিশেষজ্ঞরাও একত্রিত হয়েছিলেন। ভারতীয় প্রতিনিধিদলটি এই প্রজাতির সংরক্ষণ ও বৈজ্ঞানিক গবেষণার জন্য সহযোগিতামূলক পন্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার উপর কেন্দ্র করে আয়োজিত গোলটেবিল এবং বিষয়ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করে।

এই গোলটেবিল বৈঠকটি ভারত এবং আন্তর্জাতিক অংশীদারদের জন্য তুষার চিতা গবেষণা, পর্যবেক্ষণ ও সংরক্ষণে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং সহযোগিতা জোরদার করার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ প্রদান করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *