ওয়েব ডেস্ক; ২৪ অক্টোবর : কেন্দ্রীয় সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক ও উত্তর প্রদেশ সরকারের সহযোগিতায় লক্ষ্ণৌতে শ্রম বিধি, শ্রম কল্যাণ ও সামাজিক সুরক্ষা নিয়ে ২৬ ও ২৭ অক্টোবর দু’দিনের রাজ্য-স্তরের সক্ষমতা বৃদ্ধি ও সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হবে। শ্রম সংস্কারের বিষয়ে জেলা-স্তরে সক্ষমতা বৃদ্ধি ও সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী গৃহীত শ্রম সংবাদ উদ্যোগের অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন।
গত ২৮ সেপ্টেম্বর দেশজুড়ে শুরু হওয়া শ্রম সংবাদ প্রচার অভিযানটি ৯০ দিনব্যাপী একটি জনসংযোগ কর্মসূচি। এর মাধ্যমে মন্ত্রক দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৩১৬টি জেলা, বিশেষ করে শিল্পাঞ্চলগুলিকে সরাসরি এই উদ্যোগের সাথে অন্তর্ভুক্ত করতে চাইছে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো নতুন শ্রম বিধিগুলির বিধান, প্রয়োগযোগ্যতা এবং ব্যবহারিক বিষয়গুলো নিয়ে নিয়োগকর্তা ও অন্যান্য অংশীদারদের কাছে স্পষ্ট ধারণা পৌঁছে দেওয়া। যাতে একেবারে ক্ষেত্রীয় স্তরে এগুলোর ফলপ্রসূ বাস্তবায়ন নিশ্চিত করা যায়।
কর্মসূচির প্রথম দিনে শ্রম সংস্কারের ওপর আলোচনা হবে। মূল বক্তব্য রাখবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের সচিব। প্রথমার্ধের অধিবেশনে আন্তর্জাতিক শ্রম গতিশীলতা, অসংগঠিত ক্ষেত্র ও গিগ/প্ল্যাটফর্ম কর্মীদের জন্য সামাজিক সুরক্ষা ব্যবস্থা এবং নির্মাণ ও অন্যান্য শ্রমিক কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগের ওপর আলোকপাত করা হবে।
দ্বিতীয়ার্ধের অধিবেশনে উত্তর প্রদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী বক্তব্য রাখবেন। পরবর্তী অধিবেশনগুলোতে এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন (ইএসআইসি) এবং এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও)-এর পক্ষ থেকে বিভিন্ন তথ্য ও উপলব্ধিগত দিক তুলে ধরা হবে। এছাড়া, ই-শ্রম, শ্রম সুবিধা পোর্টাল, সমাধান এবং লেবার স্ট্যাক-এর মতো প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে কীভাবে শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করা যায়, তা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি, রাজ্য সরকারের গৃহীত ব্যবস্থা এবং কর্মসূচি বাস্তবায়নের কৌশলগুলো নিয়েও আলোচনা হবে।
দ্বিতীয় দিনে শ্রম বিধির বাস্তবায়ন ও ভবিষ্যৎ কর্মপন্থা-র ওপর আলোকপাত করা হবে। মন্ত্রকের বরিষ্ঠ কর্মকর্তাদের পৌরোহিত্যে কারিগরি অধিবেশনগুলো অনুষ্ঠিত হবে। চারটি শ্রম সংহিতা—অর্থাৎ কোড অন ওয়েজেস (২০১৯), ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস কোড (২০২০), কোড অন সোশ্যাল সিকিউরিটি (২০২০) এবং অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশনস কোড (২০২০)—এর অধীন বিধিবদ্ধ নিয়মকানুনগুলোর সামগ্রিক পর্যালোচনা ও বিশ্লেষণাত্মক দিক তুলে ধরা হবে। প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা এবং প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের বিশেষ দিকগুলির ওপরও আলোকপাত করা হবে। এছাড়াও শিশুশ্রম প্রতিরোধ, উদ্ধার, পুনর্বাসন, জেলা পর্যায়ে নজরদারি এবং শিশুশ্রম নির্মূলে গৃহীত ব্যবস্থাদির ওপর আলোকপাত করা হবে।
