ওয়েব ডেস্ক; ১৭ নভেম্বর : গিরিশ কাসারাভাল্লির সমাজসচেতন সমান্তরাল ধারার চলচ্চিত্র থেকে শুরু করে সমকালীন পারিবারিক কাহিনি, লোককথানির্ভর মহাকাব্যিক আখ্যান এবং তথ্যচিত্র—গোয়ায় ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (IFFI) কন্নড় ও তুলু চলচ্চিত্রের সমৃদ্ধি ও বৈচিত্র্য বিশেষভাবে তুলে ধরা হচ্ছে।

কন্নড় চলচ্চিত্র:

কান্তারা: আ লেজেন্ড – চ্যাপ্টার ১

ঋষভ শেঠি পরিচালিত ও অভিনীত এই চলচ্চিত্রের প্রেক্ষাপট কদম্ব যুগ। বনাঞ্চলে বসবাসকারী তরুণ বের্মে পার্শ্ববর্তী বঙ্গরা রাজ্যে প্রবেশ করে এবং সেখানকার শাসকদের হাতে বনবাসী জনগোষ্ঠীর ওপর নির্মম অত্যাচারের চিত্র প্রত্যক্ষ করে। যুবরাজ কুলশেখর উপজাতি সম্প্রদায়ের ওপর আক্রমণ চালিয়ে তাদের বহু মানুষকে হত্যা করলে, বের্মে ন্যায়বিচার ও ধর্ম প্রতিষ্ঠার লড়াইয়ে তাদের পাশে দাঁড়ায়। লোককথা, বিশ্বাস এবং বনাঞ্চলের অধিবাসীদের অস্তিত্ব রক্ষার সংগ্রাম—এই তিনটি বিষয়কে কেন্দ্র করে আবর্তিত হয়েছে চলচ্চিত্রটির কাহিনি। ভারতীয় প্যানোরামার মূলধারার চলচ্চিত্র বিভাগ এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা—উভয় বিভাগেই ছবিটি প্রদর্শিত হচ্ছে।

রুবি-কিউব
পি. শেষাদ্রি পরিচালিত এই চলচ্চিত্রে পাহাড়ি পর্যটনকেন্দ্রে এক সংক্ষিপ্ত ছুটি কাটানোর সময় একটি পরিবারের তিন প্রজন্মের কাহিনি তুলে ধরা হয়েছে। মনোবিদ রোহিণী তাঁদের মেয়ে চিত্রার মাধ্যমে তাঁর বিচ্ছিন্ন স্বামী মূর্তির সঙ্গে পুনরায় মিলিত হন। চিত্রা নিজের দাম্পত্য জীবনের নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। পরিবারের সদস্যরা একসঙ্গে সময় কাটানোর সঙ্গে সঙ্গে পুরনো বিরোধ এবং অমীমাংসিত আবেগগুলি সামনে উঠে আসে। রুবিকস কিউব হয়ে ওঠে সম্পর্কের জটিলতার প্রতীক। এর মাধ্যমে দেখানো হয়েছে, ধৈর্য ও পারস্পরিক বোঝাপড়া কীভাবে মানুষকে সম্পর্কের জটিলতা কাটিয়ে এগিয়ে যাওয়ার পথ খুঁজে দিতে পারে।

দ্য হাগ অব এম্পটিনেস
ড. প্রদীপ কেনচানুরু (ড. প্রদীপ কুমার শেঠি কে) পরিচালিত এই তথ্যচিত্রে চন্দ্রশেখরের জীবনসংগ্রামের কাহিনি তুলে ধরা হয়েছে। ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় ২০০৩ সালে সুল্লিয়া সমবায় ব্যাঙ্ক তাঁর সম্পত্তি অধিগ্রহণ করে। এই পদক্ষেপকে অন্যায় বলে মনে করে তিনি আইনি লড়াই শুরু করেন, যা দুই দশকেরও বেশি সময় ধরে অব্যাহত রয়েছে। স্থায়ী বাসস্থান না থাকায় ন্যায়বিচারের সন্ধানে লড়াই চালিয়ে যাওয়ার পাশাপাশি তাঁকে নিজের গাড়িতেই বসবাস করতে হয়। অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি দাঁড়িয়ে তাঁর দীর্ঘ সংগ্রাম, নিঃসঙ্গতা এবং অদম্য সংকল্পের ছবি তুলে ধরেছে এই তথ্যচিত্র।

উলিদিদ্দু সাম্পিগে মাত্রা (শুধু ফুলটুকুই রয়ে গেল)
অভিষেক পরিচালিত এই চলচ্চিত্রে মানজান্নার কাহিনি তুলে ধরা হয়েছে। প্রিয়জনকে হারানোর স্মৃতি আঁকড়ে ধরে তিনি একাকী জীবনযাপন করেন। একদিন তাঁর প্রিয় নারীর একটি ছবি ক্ষতিগ্রস্ত হলে, তিনি এক শিল্পীর কাছে গিয়ে স্মৃতি থেকে সেই নারীর প্রতিকৃতি এঁকে দেওয়ার অনুরোধ জানান। ছবিটি হাতে পাওয়ার পর মানজান্নার সঙ্গে এক রহস্যময় অপরিচিত ব্যক্তির সাক্ষাৎ হয়। এই অপ্রত্যাশিত সাক্ষাৎ তাঁর অতীতকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেয় এবং তাঁকে এমন এক পরিণতির দিকে এগিয়ে নিয়ে যায়, যা তিনি কখনও কল্পনাও করেননি। স্বল্পদৈর্ঘ্যের এই চলচ্চিত্রে হারানোর বেদনা, স্মৃতিচারণ এবং আবেগের পরিবর্তনের বিষয়গুলি তুলে ধরা হয়েছে।

তুলু চলচ্চিত্র:

পিলি চান্নে
অনুপমা শারাধি পরিচালিত এই চলচ্চিত্রে এক আদিবাসী নারীর কাহিনি তুলে ধরা হয়েছে, যিনি তাঁর ঠাকুমার কাছ থেকে ঐতিহ্যবাহী ভেষজ চিকিৎসার বিদ্যা শিখেছিলেন। মৃত্যুর আগে ঠাকুমা তাঁকে একটি পবিত্র পাথর দিয়ে যান, যা বনাঞ্চলের নিরাময়-সংক্রান্ত প্রাচীন জ্ঞান ধারণ করে রয়েছে বলে বিশ্বাস করা হয়। নিজের অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে পিলি চান্নে তাঁর সম্প্রদায়ের মানুষের সেবা করেন এবং তাঁদের আস্থা অর্জন করেন। কিন্তু গ্রামের এক লোভী চিকিৎসক এবং গ্রামপ্রধান পাথরটি নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করলে তিনি তা দিতে অস্বীকার করেন। ঐতিহ্যবাহী জ্ঞান, সাহস এবং পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া জ্ঞান ও সম্পদ সংরক্ষণের বিষয়গুলি এই চলচ্চিত্রের মূল উপজীব্য। ২০২৬ সালের আইএফএফআই-এ ছবিটির বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।

গিরিশ কাসারাভাল্লিকে নিয়ে বিশেষ অধিবেশন:

২০২৬ সালের আইএফএফআই-এ আগামী ২১ নভেম্বর “দ্য মোরাল ইউনিভার্স অব প্যারালাল সিনেমা: ৫০ ইয়ার্স অব গিরিশ কাসারাভাল্লি” শীর্ষক একটি বিশেষ আলাপচারিতার আয়োজন করা হবে। নামান রামচন্দ্রন এই অধিবেশনটি সঞ্চালনা করবেন। এতে বিশিষ্ট কন্নড় চলচ্চিত্র পরিচালক গিরিশ কাসারাভাল্লির পাঁচ দশকের চলচ্চিত্র নির্মাণের যাত্রাপথ ফিরে দেখা হবে।

তাঁর প্রথম চলচ্চিত্র ‘ঘটশ্রাদ্ধ’ থেকে শুরু করে ‘তাবারানা কথে’, ‘থাই সাহেবা’ এবং ‘দ্বীপা’-র মতো চলচ্চিত্রে কাসারাভাল্লি সামাজিক অবিচার, নৈতিক মূল্যবোধের সংঘাত এবং প্রান্তিক মানুষের জীবনযাত্রার নানা দিক তুলে ধরেছেন। এই আলাপচারিতায় তাঁর চলচ্চিত্রে গল্প বলার নিজস্ব রীতি এবং চলচ্চিত্রের সঙ্গে সামাজিক চেতনার সম্পর্ক নিয়ে আলোচনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *