আগামীকাল সপ্তম দফার বিধানসভা নির্বাচন। তার আগেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার প্রায় ১০ কোটি টাকার বেআইনি জিনিস।
আলিপুরদুয়ার বিধানসভার আলিপুরদুয়ার থানা এলাকা থেকে গত ২২ শে এপ্রিল ৪৫৬.৬ কিলো গাঁজা উদ্ধার করা হয় আন্তর্জাতিক বাজারে এর মূল্য প্রায় ১৮ লক্ষ টাকা। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে ওইদিনই ফারাক্কা বিধানসভার ফারাক্কা থানা এলাকা থেকে ৫০০গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয় যার আন্তর্জাতিক বাজারে মূল্য প্রায় এক কোটি টাকা। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঠিক তার পরদিন ২৩ এপ্রিল উদ্ধার করা হয় এক কেজি হেরোইন যার আন্তর্জাতিক বাজারে মূল্য পাঁচ কোটি টাকা, এতে গ্রেপ্তার দু’জন।
শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এর অন্তর্গত মাটিগড়া নকশালবাড়ি বিধানসভায় মাটিগাড়া থানার এলাকার দু কেজি ব্রাউন সুগার উদ্ধার করা হয় গত ২৩ এপ্রিল ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, আন্তর্জাতিক বাজারে মূল্য প্রায় ৪ কোটি টাকা।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে শেষ পাওয়া তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে প্রায় ৩১৯ কোটি ৫২ লক্ষ টাকার বেআইনি জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে। এখনো দু’দফার নির্বাচন বাকি রয়েছে নির্বাচনের শেষে এই বাজেয়াপ্ত করা জিনিসের অর্থমূল্য কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার।
