দেবাঞ্জন দাস, কলকাতা:

পুরনো সৈনিক দলে ফিরলেন। তৃণমূল কংগ্রেসের গঠনের পেছনে অন্যতম সৈনিক হিসাবে যিনি ছিলেন সেই মুকুল রায় বিজেপি ছেড়ে আবার তৃণমূলে যোগদান করলেন। সঙ্গে ছিলেন পুত্র শুভ্রাংশু রায়।
তাকে বরণ করে নিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মুকুল রায়ের ঘরে ফেরা নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই বললেন ‘ও ঘরের ছেলে ঘরে ফিরল, অভিনন্দন জানাচ্ছি’।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘ ইতিমধ্যেই দল শক্তিশালী। মুকুলের ওপর অনেক রকম চাপ ছিল। ওকে চমকে ধমকে এজেন্সি দেখানো হয়েছিল। আমি মনে করি ও মানসিক শান্তি পেয়েছে। ওর শরীর খারাপ হয়ে যাচ্ছিল। বিজেপি করা যায় না। বিজেপি মনুষ্যত্ব নিয়ে বাঁচতে দেয় না। মুকুলের চলে আসা তার প্রমান। ‘
দলবদলুদের দলে ফেরা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন নির্বাচনের সময় যারা গাদ্দারি করে বিজেপিতে গেছে তাদেরকে দলে ফেরানো হবে না। এটা দলের সিদ্ধান্ত। মুকুল প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যোগ করেন নির্বাচনের সময় ও দলের বিরুদ্ধে কোনো কথাই বলে নি।
তবে রাজীব বন্দ্যোপাধ্যায় ও সোনালী গুহ কে নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে দলে ফেরা নিয়ে কিছু কথা শোনা গেলেও দলে ফেরানোর ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রশ্ন এড়িয়ে যান।
মুকুল রায় পুরনো দলে ফিরে বলেন, বাংলায় এখন যা পরিস্থিতি বিজেপিতে কেউ থাকবে না।
মুকুল রায় যখন বিজেপিতে যোগদান করেছিলেন তারপর থেকেই বহু নেতা তার হাত ধরে বিজেপিতে যোগদান করেন। সে ক্ষেত্রে তারা আবার তাদের পুরনো দলে ফিরবেন কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন তবে সূত্রের দাবি বেশকিছু নেতাদের ফেরার সম্ভাবনা রয়েছে প্রবল।