চৈতালী দেবনাথ
উপকরণ: ময়দা ১কাপ, চিনি ২ কাপ, ঘি ১ চামচ, চালের গুঁড়ো বা সুজি হাফ কাপ, দুধ ১ কাপ, খোয়াক্ষীর ১০০ গ্রাম, খেঁজুর গুড় ২০০ গ্রাম, মাঝারি সাইজের একটি নারকেল কোরা, সামান্য নুন ও ভাজার জন্য রিফাইন তেল।
প্রনালী: প্রথমে আঁচে কড়াই গরম করে খোয়া দিয়ে দিতে হবে। এবার আঁচ কমিয়ে খোয়া ২-৩ সেকেন্ড নাড়াচাড়া করে নারকেল কোরা দিয়ে দিন। খেজুর গুড় দিয়ে নাড়তে থাকুন। একটু সময় লাগবে পুর তৈরি হতে। কিন্তু আঁচ বাড়াবেন না। তাহলে পুড়ে যেতে পারে। বেশ কিছু সময় পরে যখন দেখবেন নারকেলের পুরটা কড়াই থেকে ছেড়ে এসে দলা হয়ে যাচ্ছে, তখন বুঝবেন পুর তৈরি হয়ে গেছে। এখন উপর দিয়ে হাফ চামচ এলাচ গুঁড়ো ছড়িয়ে দিন। এবার, পুরটাকে একটি পাত্রে ঢেলে গরম থাকতে থাকতে দুই হাতের সাহায্যে একটু গোল বানিয়ে চ্যাপ্টা করে নিন। চাইলে গোলও রাখতে পারেন। আপনাদের ইচ্ছেমত সাইজ করতে পারেন।
এরপরে একটি বাটিতে ময়দা, চালের গুঁড়ো, সামান্য নুন ও হাফ চামচ ঘি দিন। এবারে অল্প অল্প দুধ ঢেলে ঢেলে ব্যাটার তৈরি করুন। ঘি দিলে স্বাদ সুন্দর হবে। ময়দার গোলা একটু ঘন হবে।
এরপরে চিনির রস তৈরি করতে আঁচে একটি পাত্র বসিয়ে তাতে দুই কাপ চিনি ও দেড় কাপ জল দিয়ে নাড়তে থাকুন। (একটি এলাচ দিয়ে দেবেন)। এইভাবে দুই মিনিট পরে চিনির রস তৈরি হয়ে যাবে। আঁচ কমিয়ে পাত্রটি আঁচে বসিয়ে রাখুন। অপর একটি গ্যাসের
আঁচে কড়াই বসিয়ে তেল গরম করুন। ডিপ ফ্রাই হবে তাই একটু বেশি করে তেল দেবেন। এখন নারকেলের পুরের চ্যাপ্টা বল গুলি ময়দার ব্যাটারে চুবিয়ে গরম তেলে ছেড়ে দিন। মাঝারি আঁচে বলগুলি লাল লাল করে ভেজে তুলে নিয়ে পাশের আঁচে বসানো চিনির রসে ডুবিয়ে দিন। পিঠেগুলি ২০-৩০ মিনিট রসে ডুবিয়ে রাখার পরে তুলে নিয়ে আলাদা একটি প্লেটে রেখে দিন। তাহলেই প্রস্তুত আমাদের গোকুল পিঠা।
