শুভাবরি ওয়েব ডেস্ক, ৬ ফেব্রুয়ারি:
নাম বিকৃতি হওয়া নিয়ে বিগত দিনে বহুবার বিভিন্নভাবে অনেক বিক্ষোভ গড়ে উঠেছে। এবার স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এমনই অভিযোগ আনলেন ‘রাজর্ষি গুরুচাঁদ ঠাকুরের ১৭৫ তম জন্ম বর্ষ উদযাপন কমিটি’।
তাদের বক্তব্য ও গত ৩১ শে জানুয়ারি মালদহ জেলার গাজোলে এক জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের উপাস্য দেবতার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর এর নাম কুরুচিপূর্ণ এবং বিকৃতভাবে উপস্থাপন করেছেন।
সেই প্রসঙ্গে সোমবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে পদ্মশ্রী এবং মতুয়া সম্প্রদায়ের বিপ্লবী লেখক ড. কাজী মাসুম আকতার মুখ্যমন্ত্রীকে সরাসরি মতুয়া সম্প্রদায়ের কাছে ক্ষমা প্রার্থনার জন্য আওয়াজ তোলেন। তিনি আরো বলেন, এই ঘটনার পরেও মতুয়া ভাইরা যে বিক্ষোভে ফেটে পড়েন নি , তা হল এক প্রেমের নিদর্শন। মতুয়া মুসলমানদের মানুষ হিসাবে মুখ্যমন্ত্রী সম্মান করেন কিনা সেই প্রশ্ন তুলে ধরেন সাংবাদিক সম্মেলনে।
তিনি আরো বলেন, বর্তমানে তপশিলি এবং মুসলমানদের নিয়ে রাজ্যে এক খেলা চলছে। বাংলায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে। ঘটনার প্রায় এক সপ্তাহ অতিক্রান্ত হলেও নাম বিকৃতির জন্য মুখ্যমন্ত্রী কেন ক্ষমা চাইলেন না সেই প্রশ্ন করেন মাসুম আকতার ।
নাগরিকত্ব এবং এনআরসি বিষয়ে প্রশ্ন করলে, মাসুম আকতার বলেন এটা সংবিধানিক অধিকার সেক্ষেত্রে কারোর কিছু বলার থাকতে পারে না। কেন্দ্রীয় সরকার যদি নাগরিকত্ব দেয় তাহলে কার কি?
তারা দাবি করেন যদি মুখ্যমন্ত্রী ক্ষমা না চান তাহলে আগামী দিনে তাদের পক্ষ থেকে বিক্ষোভ গড়ে উঠবে।
