মুখ্য সচিব পদে আলাপন বন্দ্যোপাধ্যায় এর মেয়াদ বৃদ্ধির জন্য কেন্দ্রের কাছে আবেদন জানাল রাজ্য সরকার। চলতি মাসে তার মেয়াদ শেষ হতে চলেছে। বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে অভিজ্ঞ ও আধিকারিকের কার্যকালের মেয়াদ তিন মাস বাড়ানোর জন্য কেন্দ্রের কর্মী বর্গ মন্ত্রকের কাছে অনুরোধ করা হয়েছে রাজ্য সরকারের তরফে , একথা জানা গেছে নবান্ন সূত্রে।
তবে পরিস্থিতির প্রেক্ষিতে প্রশাসনিকভাবে দক্ষ আধিকারিকদের চাকরির মেয়াদ বাড়ানো মোটেই নজিরবিহীন নয় বলে প্রশাসনিক মহলের দাবি। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম সরকারে আসার সময় মুখ্যসচিব সমর ঘোষ এর কার্যকালের মেয়াদ বাড়ানো হয়েছিল।
১৯৮৭ ব্যাচের আইএএস আধিকারিক আলাপন বন্দ্যোপাধ্যায় অক্টোবর মাসে রাজ্যের মুখ্য সচিবের দায়িত্ব নেন। কর্মজীবনে স্বরাষ্ট্র দপ্তর সহ রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব পালন করা আলাপন বন্দ্যোপাধ্যায় এর উপর মুখ্যমন্ত্রী নিজেও আস্থাশীল। কেন্দ্রের কাছে মুখ্য সচিবের মেয়াদ বৃদ্ধির পেছনে যুক্তি হিসেবে এই প্রশাসনিক দক্ষতার পাশাপাশি বর্তমান করোনা পরিস্থিতির কথাও তুলে ধরা হয়েছে। যুক্তি হিসাবে রাজ্য সরকারের তরফে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের কথা উল্লেখ করা হয়েছে। মুখ্যসচিব হিসেবে আলাপনবাবু যেহেতু প্রশাসনের শীর্ষস্তরে দায়িত্বভার সামলাচ্ছেন, সেক্ষেত্রে তাঁকে বদল করা হলে বেশ কিছু ক্ষেত্রে সমস্যা হবে। অন্যদিকে তিনি স্বপদে থাকলে নানা সিদ্ধান্ত ও সমন্বয়ের ক্ষেত্রে অনেকখানি সুবিধা হবে বলে জানানো হয়েছে রাজ্যের তরফে।