মুনমুন সরকার

উপকরণ : সেদ্ধ ডিম চারটে, সাদা তেল, ঘি, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, গোটা গরম মসলা (এলাচ দুটো, তেজপাতা দুটো, গোলমরিচ অল্প, একটা দারচিনি), নুন, টক দই, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, ধনে গুঁড়ো, দশটা কাজুবাদাম বাটা, চিনি, দুধ ১ কাপ, একটা বড় এলাচ।

প্রণালী : কড়াইতে তেল দিয়ে তার সাথে একটু ঘি দিতে হবে। তেল গরম হলে ১/২ কাপ পেঁয়াজ কুচি দিতে হবে। পেঁয়াজ লাল করে ভেজে তুলে নিয়ে তারপর ওই তেলে ডিমগুলি হালকা করে ভেজে তুলে নিতে হবে। কড়াইতে আরও খানিকটা ঘি দিয়ে ওর মধ্যে ১/২ কাপ পেঁয়াজ কুচি দিতে হবে। ওর সাথে গোটা গরম মশলা দিয়ে ভালো করে নাড়াতে হবে। খানিকটা ভাজার পর ১/২ কাপ পেঁয়াজ বাটা দিয়ে কষাতে হবে। এমন ভাবে কষাতে হবে যাতে করে কাঁচা পেঁয়াজের গন্ধটা চলে যায়। গন্ধটা চলে গেলে দিতে হবে ১/২ টক দই আর তার সাথে দশটা কাজুবাদাম বাটা। এরপর ভালো করে কষাতে হবে। খানিকটা কষানো হলে দিতে হবে ১ চামচ আদা বাটা, ১ চামচ রসুন বাটা, জিরে বাটা ১ চামচ, ১/২ চা চামচ ধনে গুঁড়ো। এরপর ভালো করে কষাতে কষাতে অল্প দুধ দিয়ে ধাকা দিয়ে নাড়তে হবে। মশলা যত কষানো হবে খাবারটা তত টেস্টি হবে। তেল যখন ছেড়ে দেবে তখন ডিমগুলি দিয়ে আবার ভালো করে কষাতে হবে। মশলা শুকনো হয়ে আসলে এক কাপ দুধ দিয়ে ভাল করে নাড়িয়ে ঢাকা দিয়ে গ্যাস সিম করে দিন। ৫ থেকে ৭ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। এরপর ঢাকা খুলে স্বাদমতো নুন, অল্প চিনি দিয়ে ভাল করে নাড়িয়ে আবারো ৫ থেকে ৭ মিনিট ঢাকা দিতে হবে। এরপর ঢাকা খুলে বড় এলাচ টুকরো করে সামান্য দিন। এরপর ভাল করে নাড়িয়ে ওপর থেকে ঘি দিয়ে গরম গরম পরিবেশন করুন ডিমের শাহী কোরমা।

ম্যাগাজিনে পূর্ব প্রকাশিত