আগামী শনিবার রাজ্যে চতুর্থ দফার নির্বাচনে পাঁচ জেলার যে ৪৪ টি আসনে নির্বাচন রয়েছে তা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৭৯৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। এরমধ্যে কলকাতা পুলিশ এলাকায় থাকবে ৯৪ কোম্পানি। তাছাড়াও আলিপুরদুয়ারের ৯৬, কোচবিহারে ১৮৩, হাওড়া পুলিশ কমিশনারেটএ ৯৯, ডায়মন্ড হারবার পুলিশ জেলায় ৩৮, হাওড়া গ্রামীণ পুলিশ জেলায় ৩৫, বারুইপুর পুলিশ জেলায় ৪৪ এবং চন্দননগর পুলিশ কমিশনারেট এর অধীনে ৭৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তর সূত্রে জানা গেছে।

এদিকে অসম থেকে আলিপুরদুয়ার এবং কোচবিহারে আরও ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে। এর ফলে রাজ্যে বর্তমানে এক হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। এই দফার ভোট প্রস্তুতি নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব সংশ্লিষ্ট জেলার জেলাশাসক, অতিরিক্ত জেলা শাসক, রিটার্নিং আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন। প্রথম দ্বিতীয় এবং তৃতীয় দেখার পর নির্বাচন কমিশনে কোনভাবেই নির্বাচনকে হালকা হাতে নিতে চাইছে না।