
শুভাবরি ওয়েবডেস্ক, ২২ অগাস্ট, কলকাতা: রক্তের বিভিন্ন রোগ এবং তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে থ্যালাসেমিয়া । রক্তের বিভিন্ন ধরনের রোগের প্রতি সচেতনতা বৃদ্ধি করতে এগিয়ে এলো ইস্টার্ন হেমাটোলজি গ্রুপ, ইন্ডিয়ান সোসাইটি অফ হেমাটোলজি এন্ড ব্লাড ট্রান্সফিউশন এবং ইউরোপিয়ান হেমাটোলজি অ্যাসোসিয়েশন। আগামী ২৩ থেকে ২৫ অগাস্ট তাদের যৌথ উদ্যোগে রক্তের বিভিন্ন রোগের বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে । থাকছেন প্রায় ৩৫ জন আন্তর্জাতিক স্তরের ডাক্তার এবং ১৭০ জন ভারতীয় ডাক্তার, সাথে রক্ত জনিত রোগের রোগী এবং তাদের পরিবারের লোকজন। আজ এক সাংবাদিক সম্মেলনে একথা জানান ডাক্তার মৈত্রী ভট্টাচার্য্য । এছাড়া উপস্থিত ছিলেন ডাক্তার দীপক কুমার মিশ্র , ডাক্তার আর কে জিনা , ডাক্তার তুফান কান্তি দোলুই। মানুষের মধ্যে সচেতনতা এবং ভারত তথা বিশ্বে রক্তের বিভিন্ন রোগ নিয়ে নতুন নতুন আবিষ্কার ,নতুন নতুন ঔষধ, সহজ চিকিৎসা ব্যবস্থা সবকিছু নিয়েই আলোচনা হবে এই সম্মেলনে।

“হোপ এশিয়া ২০১৯,” এই সম্মেলনে পাশ্চাত্য দেশে কি ধরনের চিকিৎসা হয় সেই নিয়ে আলোচনা হলে যে ভারতের চিকিৎসা ব্যবস্থায় উন্নতি ঘটবে সে বিষয়ে নিশ্চিত ডাক্তার মৈত্রী ভট্টাচার্য। বর্তমানে থ্যালাসেমিয়া রোগের প্রাদুর্ভাব যেভাবে বাড়ছে তাতে চিন্তিত চিকিৎসক মহল। আজ সাংবাদিক সম্মেলন থেকে তারা জনসাধারণকে বিশেষ করে বলেন, বিবাহের আগে অন্তত থ্যালাসেমিয়া বাহক পরীক্ষা করা উচিত।
বর্তমানে সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ রক্ত জনিত রোগের ঔষধ বিনামূল্যে পান সে কথাও বলেন উপস্থিত ডাক্তারবাবুরা। থ্যালাসেমিয়ার ব্যাপারে আমরা সচেতন হয়েও তার প্রাদুর্ভাব এখনো পর্যন্ত কমানো যায়নি । আগামী ২৫ শে আগস্ট সকাল সাড়ে সাতটার সময় কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল এর উত্তর গেট থেকে শহীদ মিনার পর্যন্ত একটি পদযাত্রা আয়োজন করা হয়েছে এবং সেই পদযাত্রা হবে রক্ত জনিত বিভিন্ন রোগের সচেতনতা বৃদ্ধিতে।
