নারদ কান্ড নিয়ে আজ সারাদিন এক নাটকীয় রূপ নেয় রাজ্যের রাজনৈতিক মহল। সিবিআই প্রথম দিকে আজ ফিরহাদ হাকিম, শোভন চ্যাটার্জি, মদন মিত্র এবং সুব্রত মুখার্জী কে নিজাম প্যালেস তাদের দপ্তরে নিয়ে আসেন। তারপর তাদের গ্রেফতার করা হয়। নিজাম প্যালেসে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজাম প্যালেসের বাইরে তৃণমূল কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং সেই বিক্ষোভের আঁচ গিয়ে পড়ে রাজভবনের গেটে।
কোভিড বিধি মানার জন্য শুনানি চলে ভার্চুয়াল ভাবে। শুনানি শেষে সিবিআইয়ের বিশেষ আদালত ৪ জন ধৃত নেতাদের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। ধৃতদের আইনজীবী তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন এখন করোনা পরিস্থিতি উদ্বেগজনক তাই বর্তমানে ফিরহাদ হাকিম যদি জামিন না পান তাহলে সাধারণ মানুষ খুব সংকটে পড়বে। এছাড়া মুকুল রায় এবং শুভেন্দু অধিকারী কে নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
অন্যদিকে সিবিআই এর পক্ষে থাকা আইনজীবী বলেন এই জামিনে ফলে প্রভাবশালী নেতারা প্রমাণ লোপাটের চেষ্টা করতে পারেন। সূত্রের খবর সিবিআই এই জামিনের বিপক্ষে হাইকোর্টে যেতে পারে।
