চৈতালী দেবনাথ

উপকরণ:
খাঁটি দুধ দেড় কাপ, চিনি ১ কাপ, জাফরান-অল্প ৩-৪টি পাপড়ি, কিশমিশ-১৫টি, গাওয়া ঘি-আধ কাপ, তেজপাতা-২টি, মৌরি ছোট আধ চামচ, ছোলার বেসন আধ কাপ, সুজি ১ কাপ, কাজু বাদাম আধ কাপ, গোলমরিচ গুঁড়ো ১ চিমটে, জায়ফল গুঁড়ো ১চিমটে।

প্রনালী:

মাঝারি আঁচে সসপ্যানে দুধ বসান। ফুটে উঠলে তাতে চিনি দিয়ে নাড়তে থাকুন। আঁচ কমিয়ে আরও ২-৩ মিনিট ফুটিয়ে তাতে জাফরান ও কিশমিশ দিয়ে দিন। এবার দুধের পাত্র আঁচ থেকে নামিয়ে ঢেকে রাখুন।

এবার মাঝারি আঁচে একটি কড়াই বসিয়ে তাতে ঘি গরম করুন, তেজপাতা ও মৌরি ফোড়ন দিন। এবার তাতে বেসন, সুজি ও কাজুবাদাম দিয়ে দিন, আঁচ একটু কমিয়ে ১০ মিনিট ধরে ভাল করে নাড়াচাড়া করুন। বাদামি রঙ ধরলে কড়াই আঁচ থেকে নামিয়ে নিন।

দুধ ও চিনির উষ্ণ মিশ্রণ, ধীরে ধীরে সুজি-বেসনের মিশ্রণে ঢালুন। খুন্তি দিয়ে নাড়তে থাকুন। পুনরায় কম আঁচে ক্রমাগত নেড়ে চেড়ে সেদ্ধ করুন। সবটা দুধ শুষে সুজি যখন ফুলে উঠবে তখন নামিয়ে একটি থালায় সমতলভাবে বিছিয়ে দিন। জায়ফল ও গোলমরিচ গুঁড়ো উপর দিয়ে ছিটিয়ে দিন। ঠান্ডা হলে চৌকোভাবে কেটে পরিবেশন করুন।