
শুভাবরি ওয়েবডেস্ক, ৭ এপ্রিল, কলকাতাঃ
করোনা আতঙ্কে সবাই জেরবার। দিন আনা দিন খাওয়া দুঃস্থ মানুষদের রোজগার প্রায় নেই বললেই চলে। বিভিন্ন এলাকায় ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থা নিজেদের হাত বাড়িয়ে দিয়েছে তাদের দিকে। এই কাজে পিছিয়ে নেই উত্তর কলকাতার ১০ নম্বর ওয়ার্ডের পল্লীবাসী বৃন্দ ক্লাব কমিটি। নিজেদের উদ্যোগে প্রত্যেকদিনই প্রায় ৮০ থেকে ৯০ জন এলাকার দুস্থ দিন আনা দিন খাওয়া মানুষদের দু’বেলা দু’মুঠো ভাতের জোগাড় করে দিয়েছেন।
গত ৩০ মার্চ থেকে তারা এই কর্মকাণ্ড শুরু করেছে। কোনদিন মেনুতে আছে খিচুড়ি, কোনদিন বা ডাল-ভাত, আবার কোন দিন ডিম-ভাত । রান্না করা খাবার ভ্যানের করে নিয়ে ক্লাব সদস্যরা তাদের হাতে পৌঁছে দিচ্ছেন।

এই দুর্দিনে দুঃস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে ক্লাবের প্রত্যেকটি সদস্য খুব খুশি এবং নিজেদের এই মহাযজ্ঞের শামিল করে তারা গর্বিত। কে বলে ভারতবাসী ঐক্যবদ্ধ হতে জানে না, দুর্দিনে সবাই একসাথে হাত মুঠো করে লড়াই করতে জানে না। নিন্দুকদের মুখে ছাই দিয়ে করোনাকে ও আমরা হারিয়ে দেবো।
