একদিকে কোভিড ভাইরাসের কারণে সরকারী বিধিনিষেধ, অন্যদিকে যশ ঘূর্ণিঝড়ের অশনীসংকেতের মধ্যে গতকাল বৌদ্ধরা সামাজিক সেবাকাজের মাধ্যমে বুদ্ধ পূজার আয়োজন করেন দক্ষিণ কলকাতার টালিগঞ্জ সম্বোধি বুদ্ধ বিহার। কোভিড মহামারী এবং ঘূর্ণিঝড়ের প্রকোপ কমাতে বুদ্ধ পূর্ণিমার পুজো ও বৌদ্ধ ভিক্ষুদের ত্রিপিটক পাঠের সাথে সাথে করোনা যোদ্ধা এম. আর. বাঙুর হাসপাতালের ডাক্তার ও নার্সদের পিপিই কিট, পুলিশদের কোভিড সংক্রমণ এড়াতে রিজেন্ট পার্ক থানার সকল পুলিশকর্মীকে উপহার সামগ্রী, ৩০০ জন গরীব মানুষকে মাস্ক , স্যানিটাইজার, ফেস শিল্ড, ও কিছু খাদ্যসামগ্রী তুলে দেওয়া হলো সংস্থার পক্ষ থেকে।


ইউনাইটেড বুদ্ধিস্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ২৫৬৫ তম বুদ্ধ পূর্ণিমা কমিটির প্রধান আহ্বায়ক ডক্টর অরুণজ্যোতি ভিক্ষু জানান, ২০১৭ সাল থেকে ধর্মতলার রাণী রাসমণি রোডে পশ্চিমবঙ্গের পাহাড় ও সমতলের বৌদ্ধরা বড় অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রতিবছর দিনটি পালন করেন। কিন্তু কোভিড কারণে প্রত্যেক বৌদ্ধ সংগঠন বুদ্ধ পূজার অর্থ দিয়ে সমাজ সেবার মাধ্যমে ভগবান বুদ্ধের পবিত্র জন্মদিন পালন করছেন।
আলিপুর অশোক বিহার, উত্তরবঙ্গের শিলিগুড়ির বুদ্ধ ভারতী, বা আলিপুরদুয়ার হ্যামিল্টনগঞ্জ পুণ্যজ্যোতি বুদ্ধ বিহার সহ অনেক বুদ্ধ মন্দিরে ভক্তদের পায়সান্ন বিতরনের মাধ্যমে উদযাপন করেন।
আবার মধ্য কলকাতার ধর্মাংকুর সভা, আনন্দপালিত বিদর্শন শিক্ষা কেন্দ্র সহ অনেক বৌদ্ধরা ভার্চুয়াল মিটিংয়ে বুদ্ধ জীবন ও আদর্শ আলোচনা করেন।