ডিজিটাল : অজন্তার চিত্রগুলি পাথরের দেওয়ালের উপরে টেম্পারার রঙে আঁকা হয়েছে। দেয়ালের উপরে জমি তৈরী করে ছবিগুলি আঁকা হয়েছে। জমি কি দিয়ে করা হয়েছে? শিরিষের আঁটা, গোবর মাটি ও ছোট করে ছাঁটা পশুর লোম, তুষের খুব সরু অংশ দিয়ে দেয়ালের জমি তৈরী করা হয়েছে। এরপর ঐ প্রলেপটি শুকিয়ে গেলে মসৃণ পাথরের টুকরো দিয়ে ঘষে পালিশ করা হয়েছে। জমি-মসৃণ করার পর জমির উপরে চুন ও খড়িমাটির প্রলেপ লাগিয়ে ভিজে থাকতে থাকতেই রেখাচিত্র করা হয়েছে। পরে রেখা চিত্রের মধ্যে সমানভাবে রঙ লাগিয়ে স্পষ্ট রেখা ও আলো-ছায়া দিয়ে ছবিগুলি শেষ করা হয়েছে জমি ভিজে থাকতে থাকতে রঙ, রেখার ব্যবহার খুবই কঠিন, কারণ রঙগুলি শুকিয়ে গিয়ে কি হবে তা আগে থেকেই আন্দাজ করে নেওয়া বহু অভিজ্ঞতার প্রয়োজন। আবার জমিতে যদি চুনের পরিমাণ বেশী হয়ে যায় তা হলে রঙগুলি বিবর্ণ হয়ে যাবার ভয় থাকে। সেই কারণে অজন্তার শিল্পীদের চার দিকে নজর রেখে কাজ করতে হয়েছে। রঙগুলি গোলা হত সিরিস ও ডিমের হলদে অংশ দিয়ে আবার গঁদের আঁটা রঙের সঙ্গে মেশান হতো। মেটে, গেরিমাটি, ইণ্ডিয়ান রেড, শক্ত খড়িমাটি, কালো, নীল রঙ ব্যবহার করা হয়েছে।

তথ্য: চিত্র ভূষণ