ওয়েব ডেস্ক; ১৭ নভেম্বর : বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল সরকারি সফরে ১৫ ও ১৬ নভেম্বর ২০২৬ আরব প্রজাতন্ত্র মিশরে যান। এটি ছিল আফ্রিকার কোনো দেশে তাঁর প্রথম দ্বিপাক্ষিক সফর। তিনি বেশ কয়েকটি উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন, ভারত-মিশর যৌথ বাণিজ্য কমিটির সপ্তম অধিবেশনে সহ-সভাপতিত্ব করেন এবং বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রমে অংশগ্রহণের পাশাপাশি ভারত ও মিশরের ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

ভারত ও মিশরের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক ঐতিহাসিক, সভ্যতাগত এবং নাগরিকদের মধ্যকার সম্পর্কের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। সময়ের সঙ্গে সঙ্গে এই সম্পর্ক রাজনৈতিক, অর্থনৈতিক, নিরাপত্তা ও সাংস্কৃতিক সহযোগিতার সমন্বয়ে এক বহুমুখী অংশীদারিত্বে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত-মিশর সম্পর্ক নতুন গতি পেয়েছে। এর ফলে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ‘কৌশলগত অংশীদারিত্বে’ উন্নীত হয়েছে, যেখানে রাজনৈতিক, নিরাপত্তা, জ্বালানি ও অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার অভিন্ন অঙ্গীকার রয়েছে।

এই সফরের অঙ্গ হিসেবে ভারত-মিশর যৌথ বাণিজ্য কমিটির সপ্তম অধিবেশন, ভারত-মিশর যৌথ ব্যবসায়িক কাউন্সিলের ষষ্ঠ বৈঠক ও ব্যবসায়িক ফোরাম এবং ভারত-মিশর স্টার্টআপ ফোরাম অনুষ্ঠিত হয়। পীযূষ গোয়েল আরব প্রজাতন্ত্র মিশরের প্রধানমন্ত্রী ড. মোস্তফা মাদবুলির সঙ্গে সাক্ষাৎ করেন, মিশরের বিভিন্ন মন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং মিশরের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন।

এই সফর ভারত ও মিশরের দীর্ঘদিনের অর্থনৈতিক অংশীদারিত্বকে নতুন গতি দিয়েছে। উভয় পক্ষই দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, শিল্প সহযোগিতা জোরদার এবং ব্যবসায়িক পর্যায়ে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। উভয় পক্ষ পণ্য ও পরিষেবা বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রে পারস্পরিক লাভজনক কোনো পিটিএ (PTA)/এফটিএ (FTA) বা সিইপিএ (CEPA) চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা ও কাঠামো নিয়ে আলোচনার জন্য একটি ‘ওয়ার্কিং গ্রুপ’ বা কর্মীগোষ্ঠী গঠনের বিষয়ে সম্মত হয়েছে। ১৫ নভেম্বর ২০২৬ তারিখে ভারত-মিশর যৌথ বাণিজ্য কমিটির সপ্তম অধিবেশন অনুষ্ঠিত হয়। র কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী শ্রী পীযূষ গোয়েল এবং মিশরের বিনিয়োগ ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী ড. মোহাম্মদ ফরিদ সালেহ যৌথভাবে এই অধিবেশনে সভাপতিত্ব করেন। উভয় দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের ক্রমবর্ধমান গুরুত্বের প্রতিফলন হিসেবে এই যৌথ বাণিজ্য কমিটিকে মন্ত্রী পর্যায়ের মর্যাদায় উন্নীত করা হয়েছে।

উভয় পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্যের অগ্রগতি পর্যালোচনা করে এবং দ্বিপাক্ষিক বাণিজ্যের লক্ষ্যমাত্রা ১২ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যে কাজ করতে সম্মত হয়। বাণিজ্য পণ্যে বৈচিত্র্য আনা, উচ্চ মূল্য সংযোজিত পণ্যের রপ্তানি বৃদ্ধি, বাজারে প্রবেশাধিকার জোরদার করা এবং বাণিজ্য সংক্রান্ত চ্যালেঞ্জগুলি মোকাবিলার ওপর কমিটি গুরুত্ব আরোপ করেছে।

চলতি বছরের এপ্রিল-সেপ্টেম্বর সময়কালে দ্বিপাক্ষিক পণ্য বাণিজ্যের পরিমাণ ছিল ৫.০৪ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬৪ শতাংশ বেশি। ২০২৫-২৬ অর্থবছরে মিশরীয় বাজারে ভারতের রপ্তানির পরিমাণ ছিল ৩.৮৭ বিলিয়ন মার্কিন ডলার এবং মিশর থেকে আমদানির পরিমাণ ছিল ২.৬০ বিলিয়ন মার্কিন ডলার (সূত্র: ডিজিসিআইএস – DGCIS)।

আলোচনায় কৃষি ও ভেটেরিনারি সহযোগিতা, ওষুধ ও স্বাস্থ্যসেবা, ইঞ্জিনিয়ারিং পণ্য, রাসায়নিক ও পেট্রোকেমিক্যাল, সার, বস্ত্র, এমএসএমই, কাস্টমস, পরিষেবা খাত, পুনর্নবীকরণযোগ্য জ্বালানি, গ্রিন হাইড্রোজেন, খাদ্য নিরাপত্তা, পরিবহণ ও লজিস্টিকসসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত ছিল। উভয় পক্ষই নিয়মিত ব্যবসায়িক প্রতিনিধি দলের সফর, ক্রেতা প্রতিনিধি দলের আদান-প্রদান, বাণিজ্য প্রদর্শনী আয়োজন এবং ব্যবসায়িক সংযোগ স্থাপনের কার্যক্রমের ওপর জোর দিয়েছে।

উভয় পক্ষ ভারতীয় সিরামিক টাইলস কোম্পানিগুলোর জন্য জিওইআইসি (GOEIC) নিবন্ধন, বকেয়া বাণিজ্যিক অর্থ প্রদান, বাণিজ্য প্রতিকারমূলক ব্যবস্থা এবং মিশরের সরকারি ক্রয় দরপত্রে ভারতীয় কোম্পানিগুলির অংশগ্রহণ সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করেছে। এছাড়া, মান নির্ধারণ ও সামঞ্জস্য মূল্যায়ন, কৃষি বাজারে প্রবেশাধিকার, ভেটেরিনারি পরিষেবা এবং ভারতীয় পণ্যের স্বীকৃতি বা অ্যাক্রেডিটেশন সংক্রান্ত সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে।

উভয় পক্ষ মিশরে, বিশেষ করে সুয়েজ খাল অর্থনৈতিক অঞ্চলে (SCZONE) বিনিয়োগের সুযোগগুলি পর্যালোচনা করেছে। বর্তমানে মিশরে প্রায় ৭০টি ভারতীয় কোম্পানি কাজ করছে, যাদের বিনিয়োগের পরিমাণ প্রায় ৫ বিলিয়ন মার্কিন ডলার। মিশরীয় পক্ষ অটোমোবাইল ও অটো যন্ত্রাংশ, ওষুধ, রাসায়নিক, বস্ত্র, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, ইঞ্জিনিয়ারিং, পুনর্নবীকরণযোগ্য জ্বালানি এবং লজিস্টিকসের মতো ক্ষেত্রে ভারতীয় বিনিয়োগকে স্বাগত জানিয়েছে।

ডিজিটাল প্রযুক্তি ও আর্থিক প্রযুক্তি ক্ষেত্রে, উভয় পক্ষ ভারতের ইউপিআই (UPI)-এর সঙ্গে মিশরের ইনস্টাপে (Instapay)-কে যুক্ত করার সম্ভাবনা; রপ্তানি বৃদ্ধিতে স্থানীয় মুদ্রায় বাণিজ্য পরিচালনার ইতিবাচক ভূমিকা; এবং মিশরের ডিজিটাল রূপান্তরকে ত্বরান্বিত করতে ভারতের ডিজিটাল গণ পরিকাঠামো ব্যবহারের গুরুত্ব স্বীকার করেছে।

সপ্তম ভারত-মিশর যৌথ বাণিজ্য কমিটির সভার কার্যবিবরণী উভয় মন্ত্রী স্বাক্ষর করেছেন। যৌথ বাণিজ্য কমিটির পরবর্তী সভা ২০২৮ সালে অথবা তার আগে উভয় পক্ষের সুবিধাজনক কোনো তারিখে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে।

সফরের প্রথম দিনে, পীযূষ গোয়েল মিশরের বিনিয়োগ ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী ড. মোহাম্মদ ফরিদ সালেহর সঙ্গে ষষ্ঠ ভারত-মিশর যৌথ ব্যবসায়িক কাউন্সিলের সভা এবং ভারত-মিশর ব্যবসায়িক ফোরামে অংশগ্রহণ করেন। যৌথ ব্যবসায়িক কাউন্সিলের এই সভায় ভারত ও মিশরের ব্যবসায়ী সম্প্রদায়ের ২৫০ জনেরও বেশি প্রতিনিধি অংশ নেন, যা বাণিজ্য, বিনিয়োগ এবং শিল্প সহযোগিতার নতুন পথ খুঁজে বের করার সুযোগ তৈরি করে দেয়।

আলোচনায় রাসায়নিক ও পেট্রোকেমিক্যাল, ওষুধ ও স্বাস্থ্যসেবা, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও কৃষি-ব্যবসা, পুনর্নবীকরণযোগ্য জ্বালানি ও গ্রিন হাইড্রোজেন, পরিকাঠামো, বন্দর ও লজিস্টিকস, তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল প্রযুক্তি, বস্ত্র এবং অটোমোবাইল ক্ষেত্রের বিষয়গুলি অন্তর্ভুক্ত ছিল। আলোচনায় দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্কের সম্ভাবনাকে বাস্তব ব্যবসায়িক ফলাফলে রূপান্তর করার ক্ষেত্রে বেসরকারি ক্ষেত্রের অধিকতর অংশগ্রহণের গুরুত্বকে তুলে ধরা হয়।

১৬ নভেম্বর, পীযূষ গোয়েল মিশরের পরিকল্পনা ও অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রী ড. আহমেদ রোস্তমের সঙ্গে ‘ভারত-মিশর স্টার্টআপ ফোরাম’-এ অংশগ্রহণ করেন। এই ফোরামে উভয় দেশের স্টার্টআপ, ইনকিউবেটর, এক্সিলারেটর, ভেঞ্চার বিনিয়োগকারী এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থার প্রতিনিধিরা একত্রিত হয়েছিলেন।

ফোরামটি প্রায় ৫০টি ভারতীয় ও মিশরীয় স্টার্টআপের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে, যেখানে নিজস্ব উদ্ভাবনী পরিকাঠামো তুলে ধরার, অভিজ্ঞতা বিনিময়ের এবং চিহ্নিত ক্ষেত্রগুলিতে পারস্পরিক সহযোগিতার সুযোগ অন্বেষণ করার সুযোগ রয়েছে। শ্রী পীযূষ গয়াল একটি ‘স্টার্টআপ গোলটেবিল বৈঠক’-এর আয়োজন করেন। এই বৈঠকে তিনি মিশরের পরিকল্পনা ও অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রী ড. আহমেদ রোস্তমের উপস্থিতিতে ভারতীয় ও মিশরীয় স্টার্টআপগুলির সঙ্গে মতবিনিময় করেন। ভারতীয় উদ্যোক্তারা মিশরীয় বাজারের জন্য তাদের প্রস্তাবগুলি তুলে ধরেন এবং বিভিন্ন ধরনের সহায়তার প্রয়োজনীয়তার কথা জানান। এর মধ্যে রয়েছে ডিস্ট্রিবিউশন পার্টনার বা পরিবেশক, পাইলট প্রকল্প, সনদপত্র এবং স্থানীয় পর্যায়ে উৎপাদন ব্যবস্থা।
গোয়েল আরব প্রজাতন্ত্র মিশরের প্রধানমন্ত্রী ড. মোস্তফা মাদবুলির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। মিশরের বিনিয়োগ ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী ড. মোহাম্মদ ফরিদ সালেহ; শিল্পমন্ত্রী খালেদ হাশেম; বিদেশ,আন্তর্জাতিক সহযোগিতা ও প্রবাসী বিষয়ক মন্ত্রী ড. বদর আবদেলআত্তি; পরিকল্পনা ও অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রী ড. আহমেদ রোস্তম; এবং পরিবহণ মন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল কামেল ওয়াজিরের সঙ্গেও তাঁর দ্বিপাক্ষিক বৈঠক হয়।

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করা, শিল্প সহযোগিতা বৃদ্ধি, ব্যবসায়িক যোগাযোগ সহজতর করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে নতুন সুযোগ অন্বেষণ নিয়ে কথা হয়।

মন্ত্রী মিশরের ব্যবসায়িক নেতৃবৃন্দ এবং কয়েকটি নির্বাচিত মিশরীয় কোম্পানির প্রধান নির্বাহীদের সঙ্গেও মতবিনিময় করেন। এর উদ্দেশ্য ছিল দুই দেশের মধ্যে বিনিয়োগ, অংশীদারিত্ব এবং ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের সুযোগগুলি খতিয়ে দেখা।

গোয়েল ‘ইজিপশিয়ান জুনিয়র বিজনেসম্যান অ্যাসোসিয়েশন’ (EJBA)-এর সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন। এই অ্যাসোসিয়েশনে মিশরের শীর্ষস্থানীয় পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানগুলির দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের উদ্যোক্তারা রয়েছেন। এছাড়া, মিশরে কর্মরত ভারতীয় কোম্পানিগুলির প্রতিনিধি এবং সফরসঙ্গী ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধিদলও এই মতবিনিময় সভায় উপস্থিত ছিল।
১৪ নভেম্বর ‘ইন্ডিয়ান কমিউনিটি অ্যাসোসিয়েশন ইন ইজিপ্ট’ আয়োজিত একটি অনুষ্ঠানে মন্ত্রী মিশরে বসবাসরত ভারতীয় সম্প্রদায় এবং ভারতীয় ব্যবসায়ী সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক এবং ব্যবসায়িক বন্ধন জোরদার করার ক্ষেত্রে ভারতীয় সম্প্রদায়ের অবদানের কথা স্বীকার করেন।

মিশরের নেতৃবৃন্দ ও ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে আলোচনার সময়, গোয়েল তাঁদের গুজরাটের গান্ধীনগরে অনুষ্ঠিতব্য ‘ভাইব্র্যান্ট গুজরাট সামিট ২০২৭’ এবং নতুন দিল্লিতে অনুষ্ঠিতব্য ‘ভারত মোবিলিটি ২০২৭’-এ অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *