ওয়েব ডেস্ক; ১৪ নভেম্বর : কেন্দ্রীয় বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল EEPC India-র ৪২তম পূর্বাঞ্চলীয় আঞ্চলিক পুরস্কার প্রদান করেন। এই পুরস্কারের মাধ্যমে পূর্বাঞ্চলের ইঞ্জিনিয়ারিং পণ্য রফতানিকারকদের অসামান্য সাফল্যকে স্বীকৃতি জানানো হল। ২০২৩-২৪ অর্থবর্ষে রফতানির ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্যের জন্য সদস্য রফতানিকারকদের মধ্যে মোট ৩৯ জনকে ৩৯টি পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগরওয়াল ইঞ্জিনিয়ারিং পণ্য রফতানিতে ভারতের অগ্রগতি এবং আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং বাজারে দেশের অবস্থান শক্তিশালী করার ক্ষেত্রে EEPC India-র ভূমিকার কথা তুলে ধরেন। তিনি জানান, আন্তর্জাতিক বাণিজ্যে মন্থর গতি, চাহিদা হ্রাস, বৈদেশিক মুদ্রা সংক্রান্ত সমস্যা এবং ভূ-রাজনৈতিক সংঘাত সত্ত্বেও ২০২৩-২৪ অর্থবর্ষে ভারতের ইঞ্জিনিয়ারিং পণ্য রফতানির পরিমাণ ছিল ১০৯.৩ বিলিয়ন মার্কিন ডলার। আগের বছরের তুলনায় এই ক্ষেত্রে বৃদ্ধির হার ছিল ২.১৩ শতাংশ।
কেন্দ্রীয় বাণিজ্য সচিব EEPC India-কে সরকার ও ইঞ্জিনিয়ারিং শিল্পের মধ্যে গুরুত্বপূর্ণ সেতু হিসেবে বর্ণনা করেন। নীতি সংক্রান্ত আলোচনা, বাণিজ্যের প্রসার এবং প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদানে সংস্থাটির ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি। রফতানির বৃদ্ধির ধারা বজায় রাখার জন্য শিল্পমহলের প্রতি আহ্বান জানান তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, চলতি বছরে ইঞ্জিনিয়ারিং পণ্য রফতানির লক্ষ্যমাত্রা ১৫০ বিলিয়ন মার্কিন ডলার এবং ২০৩০ সালের মধ্যে ৩০০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছানোর লক্ষ্য অর্জন সম্ভব। এর জন্য বার্ষিক চক্রবৃদ্ধি বৃদ্ধির হার প্রায় ২৪ শতাংশ হওয়া প্রয়োজন। অক্টোবর মাসে ইঞ্জিনিয়ারিং পণ্য রফতানিতে ৩৬ শতাংশ বৃদ্ধির কথাও উল্লেখ করেন তিনি।
চলতি বছরে পণ্য ও পরিষেবা রফতানির ক্ষেত্রে ১ লক্ষ কোটি মার্কিন ডলারের লক্ষ্যমাত্রা অর্জনের বৃহত্তর জাতীয় লক্ষ্য তুলে ধরেন শ্রী আগরওয়াল। প্রথম সাত মাসে ভারতের পণ্য ও পরিষেবা রফতানিতে ১৬.৬৬ শতাংশ বৃদ্ধি নথিভুক্ত হয়েছে। এই বৃদ্ধির ধারা বজায় থাকলে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা মিলবে বলে তিনি তাঁর অভিমত পোষণ করেন।
এক বার্তায় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের বাণিজ্য দফতরের যুগ্মসচিব বিমল আনন্দ পুরস্কারপ্রাপকদের অভিনন্দন জানান। তিনি বলেন, ইঞ্জিনিয়ারিং পণ্য রফতানিতে পূর্বাঞ্চল দেশের দ্রুততম বর্ধনশীল অঞ্চল হিসেবে উঠে এসেছে। ২০২৬ সালের এপ্রিল-সেপ্টেম্বর সময়কালে এই অঞ্চলে ইঞ্জিনিয়ারিং পণ্য রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় ৪৫ শতাংশ বেড়ে ৭.৯৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। ভারতের মোট ইঞ্জিনিয়ারিং পণ্য রফতানিতে এই অঞ্চলের অবদান ১১.২ শতাংশ।
EEPC India-র চেয়ারম্যান পঙ্কজ চাড্ডা পশ্চিমবঙ্গ সরকারের সম্প্রতি ঘোষিত শিল্পনীতির প্রশংসা করেন। তাঁর মতে, রাজ্যের শিল্প কাঠামোয় এই নীতি এক উল্লেখযোগ্য পরিবর্তনের সূচনা করেছে। কর্মসংস্থানভিত্তিক উৎসাহমূলক সুবিধা এবং অনুমোদন প্রক্রিয়া সরল করার মাধ্যমে পশ্চিমবঙ্গকে উৎপাদন, প্রযুক্তি ও পরিষেবা ক্ষেত্রের কেন্দ্র হিসেবে গড়ে তোলাই এই নীতির লক্ষ্য। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়া এবং ইঞ্জিনিয়ারিং শিল্পের উপর বিশেষ গুরুত্ব দেওয়ার বিষয়টিকেও স্বাগত জানান তিনি। তিনি বলেন, এই নীতি রাজ্যের শিল্পের ক্ষেত্রে আরও উন্নয়ন-সহায়ক হতে পারে।
EEPC India-র পূর্বাঞ্চলীয় আঞ্চলিক চেয়ারম্যান বি. ডি. আগরওয়াল তাঁর বক্তব্যে জানান, ওড়িশা, ঝাড়খণ্ড এবং অন্যান্য উৎপাদন কেন্দ্রের সঙ্গে পূর্বাঞ্চলও ভারতের ইঞ্জিনিয়ারিং পণ্য রফতানির ভিত্তি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। প্রচলিত উৎপাদন করিডরের বাইরেও রফতানি বাজারের বৈচিত্র্য বৃদ্ধিতে এই অঞ্চল উল্লেখযোগ্য অবদান রাখছে।
EEPC India-র এক্সিকিউটিভ ডিরেক্টর ও সচিব অধীপ মিত্র ভারতের ইঞ্জিনিয়ারিং পণ্য রফতানির বৃদ্ধির কথা তুলে ধরেন। ২০২৫-২৬ অর্থবর্ষে এই রফতানি রেকর্ড ১২২.৪৩ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এর ফলে, আগের সর্বোচ্চ ১১৬.৬৭ বিলিয়ন মার্কিন ডলারের রেকর্ড ছাপিয়ে গিয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যের প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও রফতানির ঊর্ধ্বমুখী ধারা বজায় রয়েছে বলে তিনি জানান।
ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পসংস্থা এবং বৃহৎ কর্পোরেট রফতানিকারকদের উৎকর্ষ ও প্রতিযোগিতামূলক সক্ষমতার স্বীকৃতি দেয় এই পুরস্কার। ভারতের ইঞ্জিনিয়ারিং পণ্য বাণিজ্যে রফতানিকারকদের অবদানকে স্বীকৃতি জানানো এবং তাঁদের সাফল্যের ধারা বজায় রাখতে উৎসাহিত করার সুযোগও করে দিয়েছে এই অনুষ্ঠান।
