ওয়েব ডেস্ক; ১৯ অক্টোবর : ভারতে এই প্রথম বৈধ পরিমাপ বিদ্যার আন্তর্জাতিক কমিটির বৈঠক বসতে চলেছে। ‘ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ লিগ্যাল মেট্রোলজি’ (ওআইএমএল)-এর সঙ্গে যৌথভাবে কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক দপ্তর ৬১তম বৈঠকের আয়োজন করছে। নতুন দিল্লিতে ২৬ থেকে ২৮ অক্টোবর এই বৈঠকে আন্তর্জাতিক স্তরে বৈধ পরিমাপ বিদ্যার ১০০ জনের বেশি বিশেষজ্ঞ যোগ দেবেন। ওআইএমএল-এর উদ্যোগে ২৬ অক্টোবর বৈধ পরিমাপবিদ্যার বিবর্তন সংক্রান্ত একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে। পরেরদিন, একটি কৌশলগত কর্মশালার আয়োজন করা হয়েছে। ৩ দিনের এই বৈঠকে আন্তর্জাতিক স্তরে বিভিন্ন সুপারিশগুলির পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি ওআইএমএল-এর শংসাপত্র দেওয়ার ব্যবস্থাপনা এবং পরিমাপ বিদ্যায় ডিজিটাল প্রযুক্তির প্রয়োগ ও পরিবর্তন নিয়ে আলোচনা হবে।

বৈধ পরিমাপ বিদ্যার আন্তর্জাতিক কমিটির ৬০তম বৈঠক অনুষ্ঠিত হয় ফ্রান্সের প্যারিসে। ২০২৫ সালের সেই বৈঠকে ৫৫টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা ছাড়াও ৫টি সংগঠনের প্রতিনিধিরা যোগ দেন।

ভারত ৬১তম বৈঠক আয়োজনের সুযোগ পাওয়ার ফলে একটি আন্তর্জাতিক মঞ্চে বৈধ পরিমাপ বিদ্যার ক্ষেত্রে এদেশে যে সংস্কারগুলি বাস্তবায়িত হয়েছে, সেগুলি সারা পৃথিবীর কাছে পৌঁছে দেওয়া হবে। এছাড়াও বৈধ পরিমাপ সংক্রান্ত নিয়ন্ত্রক সংস্থার আধুনিকীকরণ, বিভিন্ন বিধিনিষেধ কার্যকর করার ক্ষেত্রে অহেতুক জটিলতা এড়ানো এবং সহজে ব্যবসা-বাণিজ্য করার ক্ষেত্রে আস্থাভিত্তিক নিয়মাবলী কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এই বৈঠকের ফলে ভারতীয় উৎপাদকরা আন্তর্জাতিক স্তরে বিভিন্ন নিয়মাবীল সম্পর্কে জানতে পারবে। বিশ্ব বাজারে পণ্যের গুণমান নির্ধারণে যে পন্থা-পদ্ধতি অবলম্বন করা হয়, সেগুলি সম্পর্কে ধারণা পাওয়া যাবে। উৎপাদিত পণ্যের পরীক্ষা-নিরীক্ষা এবং শংসাপত্র প্রদানের ক্ষেত্রে আন্তর্জাতিক স্তরে যে প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়, সেগুলির সমাধানের ক্ষেত্রে এই বৈঠক গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *