ওয়েব ডেস্ক; ১৫ জুন : কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়ার নেতৃত্বে ১৫ থেকে ১৭ জুন, নতুন দিল্লিতে বিকশিত ভারত ইউথ পার্লামেন্ট ২০২৬-এর আয়োজন করছে যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক। জাতীয়স্তরে বিকশিত ভারত ইউথ পার্লামেন্টের উদ্বোধন করবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ১৬ জুন। পূর্ববর্তী সংস্করণগুলির সাফল্যে ভর করে এই ফ্ল্যাগশিপ উদ্যোগের লক্ষ্য গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে যুব সমাজের সংযোগ ঘটানো এবং তরুণ নাগরিকদের প্রশাসন, নীতি সংক্রান্ত আলোচনা এবং সংসদীয় কাজকর্ম সম্পর্কে অবহিত করা।

বিকশিত ভারত ইউথ পার্লামেন্ট একটি কর্মসূচির থেকেও কিছু বেশি – এই আন্দোলন ভারতের তরুণ সমাজের প্রাণশক্তি, ভাবনা এবং প্রত্যাশাকে চালিত করে জাতীয় চর্চায়। সেন্ট্রাল হলে যে সংকল্প নেওয়া হবে তা প্রতিধ্বনিত হবে এই তিনদিনের পরেও। বিকশিত ভারত ২০৪৭-এর লক্ষ্যে ভারতের যাত্রাপথে নেতৃত্ব দিতে অনুপ্রাণিত করবে তরুণ নেতাদের।

সারা দেশের ৭৫৭টি নোডাল বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানে জরুরি অবস্থার ৫০ বছর: ভারতের গণতন্ত্রের জন্য শিক্ষা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রতিটি জেলার শীর্ষস্থানীয় ৫ জনকে রাজ্যস্তরে অংশগ্রহণের জন্য বেছে নেওয়া হয়। সব রাজ্যে বিধানসভায় এবং বিশিষ্ট সরকারি জায়গাগুলিতে এর আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিধানসভাগুলির অধ্যক্ষ এবং রাজ্যপালেরা। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের শীর্ষ স্থানীয় প্রতিনিধিরা অংশ নেবে জাতীয় স্তরে। প্রতিটি দলের একজন প্রতিনিধি নারী শক্তি বন্দন নিয়ে বলবেন, এর পরে থাকবে প্রশ্ন পর্ব, তিন মিনিট প্রশ্নের জন্য, তিন মিনিট উত্তরের জন্য। মাস্টারক্লাসে একজন বিশিষ্ট ব্যক্তি বাককুশলতা নিয়ে এবং নেতৃত্বদান বিষয়ে বক্তব্য রাখবেন। প্রতিনিধিরা পিএম সংগ্রহালয় ঘুরে দেখবেন, যাবেন নতুন সংসদ ভবনে। ১৭ জুন পুরস্কার বিতরণ করা হবে।