শুভাবরি ওয়েবডেস্ক, ১২ এপ্রিল, দেবাঞ্জন দাস, কলকাতাঃ উত্তর কলকাতার কুমারটুলি। প্রথমে শুনলেই দেশ বিদেশ সহ সব মানুষেরই চোখের সামনে ভেসে ওঠে রাস্তার দুপাশে সম্পূর্ন-অসম্পূর্ন দেবদেবীর প্রতিমা।  এদিকে চলেছে কাঠামো তৈরি আবার ওদিকে মাটি লেপার কাজ। কিন্তু আগামী ১৪ এবং ১৫ এপ্রিল কুমারটুলি হয়ে উঠবে ভিন্ন স্বাদের।

 World Art Day কে উদযাপনের লক্ষ্যে  কুমারটুলিতে হতে চলেছে আর্ট কার্নিভ্যাল। গতানুগতিক শারদ সম্মানের গণ্ডি থেকে বেড়িয়ে এসে এশিয়ান পেইন্টস শিল্পকে এক অন্য মাত্রা দিতে চলেছে । সঙ্গে রয়েছে কুমারটুলি আর্ট ফোরাম , কুমারটুলির তিন সমিতি এবং সংগঠক ক্রিওক্র্যাফট।

উদ্যোগক্তাদের মুখপাত্র সব্যসাচী বাবু জানান, “ কুমারটুলির শিল্পীদের শ্রদ্ধা জানাতে এবং শিল্পের এক মিলন ক্ষেত্রকে অভিনব ভাবে মানুষের কাছে তুলে ধরতে আমাদের এই প্রয়াস। এখানে যেমন কুমারটুলির শিল্পিরা রয়েছেন তেমনই রয়েছেন কলকাতা দুর্গাপূজোকে বিভিন্ন শিল্পের মাধ্যমে সাজিয়ে তোলেন যারা যেমন  পার্থ দাশগুপ্ত , সুশান্ত পাল, সমেন্দ্রনাথ মজুমদার প্রমুখ। কলকাতার ছাড়াও  রয়েছেন কলকাতার বাইরের শিল্পীরাও।  এই দুদিন নতুন করে সেজে উঠবে কুমারটুলি”।

 উল্লেখ্য ২০১২ সালে International Association of Art ১৫ এপ্রিলকে বেছে নিয়েছিল World Art Day হিসাবে । তাদের উদ্দ্যেশ্য ছিল বিশ্ব জুড়ে শিল্প/ সৃজনীর  সচেতনতা বাড়ানো।

শিল্পী সমেন্দ্রনাথ মজুমদার বলেন “ধারাবাহিক এবং ধারাবাহিকতা থেকে বেড়িয়ে আসা  শিল্পের এক বিশেষ মিলনক্ষেত্র তৈরি হবে এখানে। এখানে থাকা আশেপাশের বাড়ি গুলোতে পড়ছে রঙের প্রলেপ, যারমধ্যে ঠাকুরের চালচিত্রের নিদর্শন পাওয়া যাবে। শিল্পের বিভিন্ন রূপ, রং, বৈচিত্রের  দিকে মানুষের আকর্ষণ বাড়বে বলে  আমাদের আশা ”।