ওয়েব ডেস্ক; ১৫ নভেম্বর : এপিজে বাংলা সাহিত্য উৎসবের (এবিএসইউ) ১০ম বার্ষিকীর উদযাপন শুরু হয়েছে শব্দ ও ভাষার প্রাণবন্ত ঐক্যের মধ্যে দিয়ে। সাহিত্য জগতের উজ্জ্বল নক্ষত্র শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও সুবোধ সরকার এবং উৎসব পরিচালক তথা অক্সফোর্ড বুকস্টোরের সিইও স্বাগত সেনগুপ্ত উৎসবের উদ্বোধন করেন ঐতিহ্যশালী অক্সফোর্ড বুকস্টোরে ।

উদ্বোধনী অধিবেশনের পর একটি অত্যন্ত চিত্তাকর্ষক আলোচনা হয় এবং যেখানে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অফ ল্যাংগুয়েজ স্টাডিজ অ্যান্ড রিসার্চ (আইএলএসআর)- এর পরিচালক ডঃ স্বাতী গুহ, এবং অধ্যাপক অমিতাভ দাস, অনুপম রায়, প্রচেত গুপ্ত এবং কিরণ দত্ত। ধ্রুপদী বাংলা ভাষাই ছিল এই অধিবেশনের মূল বিষয় যার নানান দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। আলোচনা হয় বাংলা ভাষার ইতিহাস থেকে সমসাময়িক তাৎপর্য, সাহিত্য ও সংস্কৃতিতে ধ্রপদী বাংলা ভাষার ভূমিকা থেকে ডিজিটাল যুগে এই ভাষার প্রাসঙ্গিকতা এবং শিক্ষাক্ষেত্রে তার প্রভাব।

১০ম এপিজে বাংলা সাহিত্য উৎসবের আসন্ন অধিবেশনগুলিতে আলোচনা হবে নানা ধরনের আকর্ষণীয় বিষয়ে। দ্বিতীয় দিন, বহুবিধ বিষয়ে অধিবেশন আছে, যার মধ্যে থাকবে বাঙালির মিষ্টি ও খাওয়া-দাওয়া সংক্রান্ত আলোচনা, রাজনীতি এবং শিশুসাহিত্য। এছাড়াও ওই দিনে জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সম্মান জানানো হবে বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা তপন সিনহাকে। ভারতীয় চলচ্চিত্রে তাঁর ঐতিহ্য এবং অবদান নিয়েও আলোচনা হবে।
তৃতীয় দিনের শুরুতে থাকবে শিশুদের জন্য আয়োজিত শব্দ নিয়ে খেলার একটা আসর এবং বড়দের জন্য অনু গল্প ও কবিতা পাঠের আসর। এছাড়াও আলোচনার থিম হিসাবে থাকছে কবিতা, খেলাধুলো এবং রাজনীতি। এদিন বিকেলে থাকছে দুটি আরও গুরুত্বপূর্ণ বিষয়: বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেন এবং বিখ্যাত লেখক নারায়ণ সান্যালের শতবার্ষিকী উদযাপন। এই অধিবেশনগুলিতে বাংলা সিনেমা তথা সাহিত্যে তাঁদের অবদান হবে আলোচনার মূল বিষয়।

১৬ এবং ১৭ ই নভেম্বর কথোপকথনে থাকছেন প্রচেত গুপ্ত, অঞ্জন দত্ত, শতাব্দী রায়, আলাপন বন্দ্যোপাধ্যায়, ভগীরথ মিশ্র, অভীক মজুমদার, সুধাংশু দে, তপন বন্দ্যোপাধ্যায়, গৌতম ভট্টাচার্য, ডঃ স্বাতী গুহ, অলোক প্রসাদ চট্টোপাধ্যায়, সঞ্জয় মুখোপাধ্যায়, শিলাদিত্য সেন, কিরণ দত্ত, দীপান্বিতা রায়, রূপক সাহা, সব্যসাচী সরকার, অণিমা ব্রহ্ম, সিজার বাগচী, হিন্দোল ভট্টাচার্য এবং শ্যামলী আচার্য সহ অন্যরা।

অক্সফোর্ড বুকস্টোরে ২০১৫ সালে যাত্রা শুরু করে ভারতের প্রথম বাংলা সাহিত্য উৎসব। এই উৎসব বাংলা ভাষা ও সাহিত্যকে দৃশ্যমান আলোচনার মধ্য দিয়ে উদযাপন করে। দশম বর্ষে এই উৎসবে লেখক, কবি, পরিচালক, নাট্যকার, অভিনেতা, সাংবাদিক, আমলা, গবেষক, শিক্ষাবিদ, সঙ্গীতজ্ঞ, সাহিত্য পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্বসহ সাংস্কৃতিক জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেছেন।

উৎসবের জনপ্রিয়তা এবং বিশ্বব্যাপী বাংলা সাহিত্য প্রেমীদের কথা মাথায় রেখে, ১৫, ১৬ এবং ১৭ ই নভেম্বর সাহিত্য উৎসবের সমস্ত অধিবেশন ফেসবুক এবং ইউটিউবে সরাসরি লাইভ সম্প্রচারিত হবে।