ওয়েব ডেস্ক; ১২ জুলাই : ভারত সরকারের অর্থ মন্ত্রকের আর্থিক পরিষেবা বিভাগ (ডিএফএস) ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত দেশব্যাপী আর্থিক অন্তর্ভুক্তি প্রকল্পের জন্য স্যাচুরেশন ক্যাম্পেইন বা সম্পৃক্তি অভিযান শুরু করেছে। এই অভিযানের উদ্দেশ্য আনুষ্ঠানিক আর্থিক পরিষেবাগুলিতে সর্বজনীন প্রবেশাধিকার সুনিশ্চিত করা আর জনসংখ্যার আংশিক ও সম্পূর্ণভাবে সুবিধাবঞ্চিত অংশগুলির ক্ষমতায়ন।

এই উদ্যোগের আওতায়, বৃহত্তর অভিযান সহজতর করতে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় প্রায় ৩,৪০০টি শিবির আয়োজনের প্রস্তাব করা হয়েছে। এই অভিযানটি মূলত প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা(পিএমজেজেবিওয়াই), প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা(পিএমএসবিঅয়াই) এবং অটল পেনশন যোজনা(এপিওয়াই) সহ গুরুত্বপূর্ণ জন সুরক্ষা যোজনার আওতায় বাদ পড়া ব্যক্তিদের তালিকাভুক্ত করার উপর জোর দেবে। এছাড়াও, প্রধানমন্ত্রী জন ধন যোজনার(পিএমজেডিওয়াই) অধীনে ব্যাংকিং পরিষেবা থেকে বঞ্চিত প্রাপ্তবয়স্কদের জন্য ব্যাংক অ্যাকাউন্ট খোলা, নিষ্ক্রিয় পিএমজেডিওয়াই অ্যাকাউন্টগুলির জন্য পুনঃকেওয়াইসি ব্যবস্থাপনা এবং চালু সেভিংস অ্যাকাউন্টগুলিতে নমিনেশন বা উত্তরাধিকারী মনোনয়নের বিবরণ নবীকৃত করার উপর বিশেষ জোর দেওয়া হবে।

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর-২ ব্লকের বান্দিপুর গ্রাম পঞ্চায়েতে ১ জুলাই ২০২৫ তারিখে এই অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছিল। এই অনুষ্ঠানটি তৃণমূল পর্যায়ের একটি নিবিড় প্রচেষ্টার সূচনা করে এবং পঞ্চায়েত প্রধান নন্দরানী সাহার উপস্থিতিতে এটি সমাদৃত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় রিজার্ভ ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক প্রসেনজিৎ ভট্টাচার্য, নাবার্ডের জেলা উন্নয়ন ব্যবস্থাপক লক্ষ্মণ চন্দ্র সরকার, উত্তর ২৪ পরগনার প্রধান জেলা ব্যবস্থাপক সৌরভ কুমার পোদ্দার, পশ্চিমবঙ্গের রাজ্য স্তরের ব্যাংকার্স কমিটির ব্যবস্থাপক প্রদীপ্ত চক্রবর্তী, এবং ইন্ডিয়ান ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগের প্রধান ব্যবস্থাপক নলিনী রঞ্জন কুমার।

কেন্দ্রীয় সরকারের আর্থিক পরিষেবা বিভাগ বা ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিসেসের পক্ষ থেকে রাজ্য সরকার, ব্যাংকিং প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন এবং সকল সংশ্লিষ্ট সম্প্রদায়ের প্রতিনিধি সহ সমস্ত অংশীদারদের এই অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে যাতে কোনও যোগ্য নাগরিক আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার বাইরে না থেকে যান।