ডিজিটাল, কলকাতা:
আগামী মার্চ মাসে কলকাতা পুরসভার নির্বাচন করতে চেয়ে রাজ্য সরকার আজ রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দেড় মাস বাদে নির্বাচন করানো হোক বলে রাজ্যের চিঠিতে প্রস্তাব দেওয়া হয়েছে বলে সূত্রে জানা গিয়েছে। কমিশন রাজ্যের এই প্রস্তাব আগামীকাল সুপ্রীম কোর্টে হলফনামা আকারে জমা দেবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য জানুয়ারি মাঝামাঝি রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
কলকাতা সহ রাজ্যের একাধিক পুরবোর্ডের মেয়াদ পূরণ হয়েছে ৷ বর্তমানে প্রশাসক বোর্ড বসিয়ে চলছে পুরসভার কাজ ৷ নির্বাচন ছাড়া প্রশাসক বসিয়ে অবৈধভাবে শাসক দল নিজের দখলে পুরবোর্ডকে রাখছেন , এই অভিযোগে একটি মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে ৷ কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডকে বৈধ বলে কলকাতা হাইকোর্ট রায় দেওয়ার পর, সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দাখিল হয়। সেই মামলায় গত শুনানিতেই দেশের শীর্ষ আদালত রাজ্য নির্বাচন কমিশনকে রাজ্যে ভোট করার মতো বর্তমানে পরিস্থিতি আছে কি না, তা জানানোর নির্দেশ দিয়েছিল। সেই মামলার পরবর্তী শুনানিতেই রাজ্যের সিদ্ধান্তের কথা শীর্ষ আদালতকে জানাবে কমিশন ৷
সূত্রে খবর, জানুয়ারিতে ভোটার তালিকা প্রকাশ করা হবে ৷ সেক্ষেত্রে মার্চের শেষে রাজ্যে পুরভোটের আয়োজন করা অসম্ভব কিছু নয় ৷ তবে কি বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যে পুরভোট হতে চলেছে?
