ওয়েব ডেস্ক; ২৮ জুলাই : ভারতে ৩৭টির মধ্যে ৩৩টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলই ন্যাশনাল ই-বিধান অ্যাপ্লিকেশন (এনইভিএ) প্রকল্পের জন্য সমঝোতাপত্রে স্বাক্ষর করেছে। ২১টি আইনসভায় এনইভিএ প্রকল্পের আওতায় ডিজিটাল লেজিসলেচার প্রণালী কার্যকর হয়েছে। সংসদের দুটি কক্ষ এই প্রকল্পের আওতার বাইরে রয়েছে।
সভার কাজের বৈদ্যুতিন প্রক্রিয়াকরণের মাধ্যমে পরিষদীয় কর্মকাণ্ডকে আরও দক্ষ করে তোলা এনইভিএ প্রকল্পের উদ্দেশ্য। এর ফলে কাগুজে কাজ কমে যায় এবং কাজে গতি আসে। প্রয়োজনীয় তথ্যাদির নাগালও পাওয়া যায় অনেক সহজে।
এনইভিএ প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখে নীতি আয়োগ যে প্রতিবেদন প্রকাশ করেছে সেই অনুযায়ী এই কাজ দ্রুত হয়েছে এনইভিএ সেবাকেন্দ্র স্থাপনের ফলে। এইসব কেন্দ্র থেকে প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা পাওয়া যায়।
ভাষিণী সফটওয়্যার ব্যবহারের ফলে খুব সহজেই এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদের কাজ সম্ভব হচ্ছে এবং সাধারণের সামনে তা তুলে ধরা হচ্ছে। সভার সদস্য, সচিব এবং সরকারি দপ্তরগুলির মধ্যে সমন্বয়ের কাজ অনেক সহজ হয়েছে।
রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগান।
