ওয়েব ডেস্ক; ১০ আগস্ট: ভারতের টেলিকম নিয়ামক কর্তৃপক্ষ(ট্রাই) একটি নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকাটি ব্যাঙ্কিং, আর্থিক পরিষেবা ও বিমা (বিএফএসআই) ক্ষেত্র এবং সরকারি সংস্থার আওতাভুক্ত নয় এমন সব ক্ষেত্রের জন্য ১৬০১ সিরিজের নাম্বার ব্যবহারের জন্য প্রযোজ্য। সরকারি সংস্থাগুলি আগে থেকেই ১৬০০ সিরিজের নম্বর ব্যবহার করছে। বিএফএসআই এবং সরকারি খাতের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল প্রকৃতির। তাই, অন্যান্য খাতের সাধারণ পরিষেবা ও লেনদেন সংক্রান্ত কলের সাথে গুরুত্বপূর্ণ আর্থিক ভয়েস কল যাতে মিশে না যায়, তা নিশ্চিত করতেই বিএফএসআই ও সরকারি খাতের বাইরে থাকা অন্যান্য খাতের জন্য এই আলাদা সিরিজটি চালু করা হয়েছে।

বিএফএসআই খাতের সংস্থাগুলি পরিষেবা ও লেনদেন সংক্রান্ত কলের জন্য ১৬০০ সিরিজের নম্বর ব্যাপকভাবে ব্যবহার করেছে। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই এখন অন্যান্য খাতেও এই নির্ভরযোগ্য নম্বর ব্যবস্থা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে, ট্রাই এখন ১৬০১ সিরিজটি পর্যায়ক্রমে চালু করছে, যা বিএফএসআই ও সরকারি খাত ছাড়া অন্যান্য খাতের সংস্থাগুলি একই ধরনের কলের জন্য ব্যবহার করবে। সংশ্লিষ্ট অংশীদারদের সাথে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, প্রথম পর্যায়ে ইউটিলিটি অর্থাৎ অত্যাবশ্যকীয় পরিষেবা, ক্যুরিয়ার এবং লজিস্টিকস সংস্থাগুলিকে এই সিরিজের আওতায় আনা হবে।

টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি যথাযথ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যোগ্য সংস্থাগুলিকে সরাসরি ১৬০১ সিরিজের নম্বর বরাদ্দ করবে। কোনো মধ্যস্থতাকারী বা এগ্রিগেটরকে এই নম্বর দেওয়া হবে না। প্রতারকরা সাধারণত ১০-সংখ্যার সাধারণ নম্বর ব্যবহার করে বৈধ ব্যবসার প্রতিনিধি হিসেবে মিথ্যা দাবি করে থাকে এবং ছদ্মবেশী প্রতারণা চালায়। এই নতুন নম্বর ব্যবস্থা তাদের সেই অপচেষ্টা রুখতে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। তাছাড়া, এই স্বতন্ত্র নম্বর ব্যবস্থার ফলে গ্রাহকরা সহজেই বৈধ পরিষেবা ও লেনদেন সংক্রান্ত কলগুলি চিনতে পারবেন, যা এ ধরনের ভয়েস-ভিত্তিক যোগাযোগের প্রতি আস্থা আরও সুদৃঢ় করবে।

প্রথম পর্যায়ের প্রাথমিকভাবে নিম্নলিখিত খাতগুলির যোগ্য সংস্থাগুলিকে ১৬০১ সিরিজ বরাদ্দ করা হবে।

ইউটিলিটি বা অত্যাবশ্যকীয় পরিষেবা প্রদানকারী অর্থাৎ বিদ্যুৎ বিতরণকারী সংস্থা, জল সরবরাহকারী সংস্থা, শহরের গ্যাস বিতরণকারী সংস্থা, এলপিজি বিতরণকারী সংস্থা এবং অন্যান্য অনুরূপ পরিষেবা প্রদানকারী সংস্থার জন্য তা বরাদ্দ করা হবে।

লজিস্টিকস এবং কুরিয়ার পরিষেবা – কুরিয়ার কোম্পানি, এক্সপ্রেস লজিস্টিকস কোম্পানি, পার্সেল ডেলিভারি পরিষেবা প্রদানকারী এবং পণ্য বা চালান পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত ফ্রেইট ও লজিস্টিকস পরিষেবা প্রদানকারী সংস্থা এর আওতায় পড়বে।

টেলিকম পরিষেবা প্রদানকারীদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা আদেশ জারির তারিখ থেকে ৯০ দিনের মধ্যে প্রথম পর্যায়ের আওতাভুক্ত যোগ্য প্রতিষ্ঠানগুলোর মাইগ্রেশন ও অনবোর্ডিং প্রক্রিয়া সম্পন্ন করে।

যাচাইকরণ ও একান্ত ব্যবহার

১৬০১-সিরিজের নম্বর বরাদ্দ করার আগে টেলিকম পরিষেবা প্রদানকারীদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির যোগ্যতা যাচাই করতে হবে এবং পরিষেবা ও লেনদেন-সংক্রান্ত ভয়েস কলের ক্ষেত্রে এই নম্বরগুলির একান্ত ব্যবহারের বিষয়ে তাদের কাছ থেকে একটি অঙ্গীকারনামা গ্রহণ করতে হবে। কোনো প্রতিষ্ঠানই এই নম্বরগুলি প্রচারণামূলক ভয়েস কলের জন্য ব্যবহার করতে পারবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *