ওয়েব ডেস্ক; ২৭ আগস্ট: ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ বাজার ও পিএমএফএমই (PMFME) প্রকল্প

এ বছর ২৪-২৫ আগস্ট তারিখে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রক ইন্ডিয়া হ্যাবিটাট সেন্টারে ‘পিএমএফএমই বাজার’-এর আয়োজন করে। এই প্রদর্শনীতে ২৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ সংস্থা, স্বনির্ভর গোষ্ঠী, এফপিও এবং সমবায় সমিতি অংশ নেয়। বাজরা, মশলা, আচার, পানীয় এবং নানা প্রক্রিয়াজাত খাবার প্রদর্শনের মাধ্যমে এই মেলা স্থানীয় উপাদান ও ঐতিহ্যবাহী জ্ঞানকে সফল ব্র্যান্ডে রূপান্তরের ক্ষেত্র তৈরি করে।

২০২০-র ২৯ জুন চালু হওয়া প্রধানমন্ত্রী ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যোগ আনুষ্ঠানিকীকরণ (PMFME) প্রকল্প ক্ষুদ্র উদ্যোক্তাদের আর্থিক, প্রযুক্তিগত ও ব্যবসায়িক সহায়তা প্রদান করে আসছে।

এসএইচএইচই ফুডস (SHHE Foods): মাখানা প্রক্রিয়াকরণে সাফল্য

বিহারের উদ্যোক্তা ফরাজ ও তাঁর দল ২০২১ সালে ‘এসএইচএইচই ফুডস প্রাইভেট লিমিটেড’ শুরু করেন। তারা মাখানাকে আধুনিক রূপ দিতে মাখানা-যুক্ত কুকিজ তৈরি শুরু করেন।

পিএমএফএমই প্রকল্পের অধীনে মূলধনী ভতুর্কির (মোট খরচের ৩৫%, সর্বোচ্চ ১০ লক্ষ টাকা) মাধ্যমে তারা ৩ লক্ষ টাকার বেশি সহায়তা পান। এই সহায়তায় উন্নত যন্ত্রপাতি সংযোজনের ফলে দৈনিক প্রক্রিয়াকরণ ক্ষমতা ১০০ কেজি থেকে বেড়ে ১,০০০ কেজিতে উন্নীত হয়। ২০২১ সালে যাদের বিক্রি ছিল ২.৫-৩ লাক্ষ টাকা, বর্তমানে তাদের বিক্রি ১৪ কোটি টাকা ছাড়িয়েছে।

ট্রাইবালভেদা (Tribalveda): উপজাতীয় প্রজ্ঞা ও আয়ুর্বেদের মেলবন্ধন

রাজস্থানের উদয়পুরে ২০১৭ সালে প্রতিষ্ঠিত ‘ট্রাইবালভেদা’ উপজাতীয় প্রজ্ঞা ও আয়ুর্বেদের সমন্বয়ে কাজ করছে। জামরুলের মরশুমে প্রায় ৩,০০০ থেকে ৫,০০০ উপজাতীয় নারী বন থেকে ফল সংগ্রহ করেন, যা পরে প্রিজারভেটিভ-মুক্ত খাদ্যে রূপান্তরিত করা হয়।

পিএমএফএমই প্রকল্পের সহায়তায় নতুন যন্ত্রপাতি এবং বাজার সম্প্রসারণের সুবিধা মেলায় এদের পণ্য এখন অ্যামাজন, ফ্লিপকার্ট এবং নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে দুবাই ও যুক্তরাষ্ট্রেও রপ্তানি হচ্ছে। এটি উপজাতীয় নারীদের কর্মসংস্থান ও জীবিকা সুনিশ্চিত করেছে।

Soya Rich: প্রযুক্তিগত উন্নয়নে নতুন দিগন্ত

মহারাষ্ট্রের ময়ূর হান্ডে ১৩ বছর আগে ‘সয়া রিচ’ শুরু করেন, যা সয়াবিন থেকে দুধ ও টোফু তৈরি করে। ২০২১ সালে পিএমএফএমই প্রকল্পে যুক্ত হয়ে ২০ লক্ষ টাকার প্রকল্পের জন্য ৩৫ শতাংশ ভতুর্কি-সহ ব্যাংক ঋণ পান। এই সহায়তায় ব্র্যান্ডিং, বাজার এবং পরিকাঠামো উন্নত হয়। একটি ছোট একক থেকে শুরু করা এই ব্যবসার মাসিক বিক্রি ২ লক্ষ টাকা থেকে বেড়ে বর্তমানে প্রায় ৩৫ লক্ষ টাকায় পৌঁছেছে এবং কার্যক্রম আটটি শহরে বিস্তৃত হয়েছে।

মালতী ফুড প্রোডাক্টস (Malati Food Products): ঐতিহ্য ও আন্তর্জাতিক স্বপ্ন

ওড়িশায় ১৯৯৫ সাল থেকে বাজরা (Millet) প্রক্রিয়াকরণের কাজ করছে ‘মালতী ফুড প্রোডাক্টস’। পিএমএফএমই প্রকল্পের মাধ্যমে ২০২৪ সালে ৯ লক্ষ টাকার বেশি মূলধনী ভতুর্কি পেয়ে তারা আধুনিক যন্ত্রপাতি স্থাপন করে।

ফলাফল হিসাবে পণ্যের মান বৃদ্ধির পাশাপাশি, বিক্রি প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পায়। অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি ও বিভিন্ন বাণিজ্য মেলায় অংশগ্রহণের ফলে সংস্থাটির পরিচিতি বাড়ে। গত তিন দশক ধরে কাজ করা এই প্রতিষ্ঠানটি আগামী বছর থেকে আন্তর্জাতিক বাজারে পণ্য রপ্তানির পরিকল্পনা করছে।
সূত্র : পি আই বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *