ওয়েব ডেস্ক; ১৫ সেপ্টেম্বর ; ফলতা বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (SEZ) আওতায় ওড়িশার খুরধা জেলার IDCO Infovalley-II, Arisol Mouza, Jatni Tahasil-এ সেমিকন্ডাক্টর উৎপাদন ইউনিট স্থাপনের জন্য M/s SiCSem Private Limited-এর প্রস্তাবের অনুমোদন দিয়েছে, ইউনিট অনুমোদন কমিটির ২১৭তম বৈঠক। ওড়িশায় ক্রমবর্ধমান সেমিকন্ডাক্টর উৎপাদন ব্যবস্থায় এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন। উচ্চ মানের প্রযুক্তি ও রপ্তানিমুখী বিনিয়োগে সহায়তা করার ক্ষেত্রে ফলতা বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ভূমিকারও প্রতিফলন ঘটেছে এই অনুমোদনে।
২১.৮৮৯ একর জমির উপর প্রস্তাবিত এই ইউনিটে সিলিকন কার্বাইড (SiC) সেমিকন্ডাক্টর ডিভাইস তৈরি হবে। এর মধ্যে থাকবে SiC ডায়োড এবং SiC MOSFET। প্রকল্পে ৩,৪০৬.২৫ কোটি টাকা বিনিয়োগ করা হবে। প্রায় ১,২৭০ জনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
ইউনিটটির বার্ষিক উৎপাদন ক্ষমতা হবে ৪৮ লক্ষ SiC ডায়োড এবং ৯.১২ কোটি SiC MOSFET। উন্নত সেমিকন্ডাক্টর উৎপাদনের উপর গুরুত্ব দিয়ে এই প্রকল্প গুরুত্বপূর্ণ উচ্চপ্রযুক্তি ক্ষেত্রে ভারতের নিজস্ব উৎপাদন সক্ষমতা বাড়াবে। পাশাপাশি দেশের রপ্তানিমুখী উৎপাদন ব্যবস্থাকেও শক্তিশালী করবে।
আগামী পাঁচ বছরে প্রকল্পটি থেকে ৭,০৪৩ কোটি টাকার রপ্তানি আয় বৃদ্ধির হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সময়ে প্রায় ৪,৫২৩ কোটি টাকার নেট ফরেন এক্সচেঞ্জ আয় হবে বলে আশা করা হচ্ছে। এই অনুমোদন থেকে মূলধন নির্ভর ও প্রযুক্তিনির্ভর প্রকল্পে বিনিয়োগ আকর্ষণ এবং উল্লেখযোগ্য কর্মসংস্থান ও রপ্তানির সুযোগ তৈরিতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ব্যবস্থার সম্ভাবনাও স্পষ্ট হয়েছে।
SiCSem-এর এই ইউনিটের অনুমোদন ওড়িশাকে সেমিকন্ডাক্টর ও উন্নত প্রযুক্তি উৎপাদনের একটি উদীয়মান গন্তব্য হিসেবে গড়ে তোলার প্রক্রিয়ায় আরও গতি আনবে। একই সঙ্গে বিনিয়োগে সহায়তা এবং রপ্তানিমুখী শিল্পের বিকাশে ফলতা বিশেষ অর্থনৈতিক অঞ্চলের অবদানও আরও জোরদার হবে।
