কলকাতা; ৩১ অক্টোবর : আইএইচসিএল এবং অম্বুজা নেওটিয়া যৌথভাবে কলকাতা এবং শিলিগুড়িতে ‘অল্টএয়ার হাউস– আইএইচসিএল সিলেকশনস’-এর আনুষ্ঠানিক সূচনা করলো।

পুনীত ছটওয়াল, ম্যানেজিং ডিরেক্টর ও সিইও, আইএইচসিএল বলেন, “অম্বুজা নেওটিয়ার সঙ্গে আমাদের দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও মজবুত হল কলকাতা ও শিলিগুড়িতে আইএইচসিএল সিলেকশনস ব্র্যান্ডের অধীনে অল্টএয়ার হাউস চালুর মাধ্যমে। অনন্য ডিজাইন এবং বিশেষ গ্রাহক অভিজ্ঞতার সমাহারে গড়ে ওঠা ‘অল্টএয়ার হাউস’ আইএইচসিএল সিলেকশনস প্ল্যাটফর্মের জন্য এক নিখুঁত সংযোজন। ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থার মাধ্যমে চালু হওয়া এই দুই হোটেল আমাদের অংশীদারিত্বে একটি নতুন অধ্যায়ের সূচনা করল।”

এই উপলক্ষে অম্বুজা নেওটিয়া পশ্চিমবঙ্গের হসপিটালিটি ক্ষেত্রে ₹২,৭০০ কোটি বিনিয়োগের কথা ঘোষণা করেছে। আইএইচসিএল-এর বিভিন্ন ব্র্যান্ডের অধীনে কলকাতা, রায়চক, দিঘা, শিলিগুড়ি, লাটাগুড়ি, কালিম্পং এবং দার্জিলিংয়ে এই বিনিয়োগ করা হবে। এর মধ্যে রয়েছে সদ্য চালু হওয়া দুটি হোটেল এবং দার্জিলিংয়ের তাজ চিয়া কুটির রিসর্ট অ্যান্ড স্পা-এর সম্প্রসারণে ₹১০০ কোটি বিনিয়োগ। এই সম্প্রসারণের ফলে রিসর্টে ২৮টি নতুন রুম এবং ১৫,০০০ বর্গফুটের ব্যাঙ্কোয়েটের ব্যবস্থা তৈরি হবে।

হর্ষবর্ধন নেওটিয়া, চেয়ারম্যান, অম্বুজা নেওটিয়া গ্রুপ বলেন, “বাংলার প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য অসাধারণ। প্রাণবন্ত শহর, নদীর পাড়, বন, চা-বাগান থেকে হিমালয়—সব মিলিয়ে এই রাজ্যে ভ্রমণের অনেক রকম অভিজ্ঞতা পাওয়া যায়। পর্যটনের সম্ভাবনার উপর আমাদের আস্থা এবং এমন কিছু গন্তব্য তৈরি করার ভাবনা থেকেই প্রায় ₹২,৭০০ কোটি বিনিয়োগের সিদ্ধান্ত। আমরা এমন জায়গা তৈরি করতে চাই, যেখানে মানুষ বেড়াতে আসতে চাইবেন এবং বারবার ফিরে আসবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *