ওয়েব ডেস্ক; ১৯ অক্টোবর : ভারতীয় নৌবাহিনীর তিন মাস্তুলবিশিষ্ট পালতোলা প্রশিক্ষণ জাহাজ আইএনএস সুদর্শিনী ১৪ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ওমানের সালালাহ বন্দরে অবস্থানের পর সেখান থেকে যাত্রা শুরু করেছে। এর মাধ্যমে জাহাজটি তার ঐতিহাসিক
আন্তঃমহাসাগরীয় অভিযান লোকায়ন-২০২৬ অব্যাহত রেখেছে।
এই সমুদ্রযাত্রা ভারতীয় নৌবাহিনীর সমৃদ্ধ সামুদ্রিক ঐতিহ্য এবং নৌপ্রশিক্ষণার্থীদের মধ্যে পেশাদার নৌ সঞ্চালন দক্ষতা, প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকার সক্ষমতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের প্রতি নৌবাহিনীর অঙ্গীকারকে তুলে ধরে।
বন্দরে অবস্থানকালে পেশাগত আদান-প্রদান এবং ক্রীড়া সংক্রান্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ভারতীয় নৌবাহিনী ও ওমানের রয়্যাল নেভির মধ্যে পারস্পরিক সৌহার্দ্য এবং বন্ধুত্বের সম্পর্ক আরও সুদৃঢ় হয়। এর ফলে দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কও আরও ঘনিষ্ঠ হয়েছে।
লোকায়ন-২০২৬ অভিযানের দশম মাসে পদার্পণের সঙ্গে সঙ্গে, আইএনএস সুদর্শিনীর এই সমুদ্রযাত্রা ভারতীয় নৌবাহিনীর অনুসন্ধিৎসু মনোভাব, পেশাগত উৎকর্ষ এবং সামুদ্রিক কূটনীতির প্রতি অঙ্গীকারের উজ্জ্বল দৃষ্টান্ত তুলে ধরছে।
আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করার মধ্য দিয়ে এই জাহাজ ভারতের দূত হিসেবে সদিচ্ছা ও সামুদ্রিক অংশীদারত্বের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একই সঙ্গে এটি বসুধৈব কুটুম্বকম—অর্থাৎ সমগ্র বিশ্বই একটি পরিবার—এই ভারতীয় সভ্যতার চিরন্তন আদর্শ বহন করছে এবং মহাসাগর -এর ভাবনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
মহাসাগর অর্থাৎ MAHASAGAR-এর পূর্ণরূপ হলো,
বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা ও উন্নয়নের জন্য পারস্পরিক সহযোগিতা এবং সামগ্রিক অগ্রগতি।
