ওয়েব ডেস্ক; ২৩ অক্টোবর : ভারতের সংবিধান সদনের কেন্দ্রীয় কক্ষে ১২তম ব্রিকস সংসদীয় ফোরামের বৈঠক অনুষ্ঠিত হবে ২৬ ও ২৭ অক্টোবর। ২৬ অক্টোবর এই সম্মেলনের উদ্বোধন করা হবে।
আজ সংসদ ভবনে এক সাংবাদিক সম্মেলনে লোকসভার অধ্যক্ষ শ্রী ওম বিড়লা বলেন, এই সম্মেলন ভারতের সংসদীয় কূটনীতির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। এতে ব্রিকসের সদস্য ও অংশীদার দেশগুলির সংসদের অধ্যক্ষ ও সংসদীয় নেতৃবৃন্দ, কেন্দ্রীয় মন্ত্রীরা, রাজ্যসভার উপাধ্যক্ষ শ্রী হরিবংশ, রাজ্য বিধানসভাগুলির অধ্যক্ষ ও অন্যান্য সভাপতিত্বকারী আধিকারিক, সংসদ সদস্য এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করবেন।
লোকসভার অধ্যক্ষ জানান, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি এই আয়োজনে যোগ দেবেন। বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।
লোকসভার অধ্যক্ষ আরও জানান, ১২তম ব্রিকস সংসদীয় ফোরামের যৌথ বিবৃতির চূড়ান্ত খসড়া প্রস্তুত করার জন্য ২৫ অক্টোবর ২০২৬ প্রতিনিধিদলগুলির সচিবদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানের মূল বিষয়বস্তু হল – “জন-কেন্দ্রিক উন্নয়নের জন্য সংসদগুলিকে শক্তিশালী করা”।
মূলত চারটি অধিবেশনে আলোচনা হবে সুস্থিত ভবিষ্যতের লক্ষ্যে আইনসভার ভূমিকা, উদ্ভাবনা, পারস্পরিক সহযোগিতা, ধারাবাহিক উন্নয়ন নিয়ে।
এছাড়াও, ব্রিকসের সদস্য ও অংশীদার দেশগুলির সংসদের আন্তর্জাতিক বিষয়ক কমিটিগুলির চেয়ারপার্সনদের নিয়ে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে এই উপলক্ষে। সেখানে সংসদীয় কূটনীতি, সক্ষমতা বৃদ্ধি এবং সর্বোত্তম কার্যপদ্ধতির আদান-প্রদান নিয়ে আলোচনা করা হবে।
থাকবে সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন। বিশিষ্ট অতিথিদের সম্মানে ভারতের উপ-রাষ্ট্রপতি নৈশভোজের আয়োজন করবেন।
প্রতিনিধিদলগুলির সদস্যরা ভারতের সংসদ পরিদর্শন করবেন এবং দিল্লির বিভিন্ন সাংস্কৃতিক কেন্দ্রও ঘুরে দেখবেন। ২৭ অক্টোবর সম্মেলনের সমাপ্তি ঘটবে।
