ওয়েব ডেস্ক; ২ নভেম্বর : খাদি ও গ্রামোদ্যোগ কমিশন (কেভিআইসি)-এর উদ্যোগে দিল্লির কনট প্লেসে রিগাল সিনেমার বিপরীতে অবস্থিত এনডিএমসি পালিকা পার্কে খাদি দিওয়ালি উৎসব–২০২৬ -এর আয়োজন করা হয়েছে। এর উদ্দেশ্য হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি ঘরে স্বদেশি,ভোকাল ফর লোকাল এবং আত্মনির্ভর ভারতের ভাবনা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। এই অনুষ্ঠানে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় পর্বও আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদি ও গ্রামোদ্যোগ কমিশনের চেয়ারম্যান মনোজ গোয়েল।
অনুষ্ঠানে তিনি বলেন, জাতির জনক মহাত্মা গান্ধী খাদিকে কেবল একটি বস্ত্র হিসেবে দেখেননি, বরং এটিকে আত্মনির্ভরতা, আত্মমর্যাদা এবং অর্থনৈতিক স্বাধীনতার প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেছিলেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমানে খাদি ও স্বদেশি আন্দোলন নতুন গতি লাভ করেছে এবং এই আন্দোলনে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে। প্রধানমন্ত্রীর হর ঘর স্বদেশি, ঘর ঘর স্বদেশি আহ্বান কেবল দেশীয় পণ্য কেনার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি একটি সুসংহত গণ-আন্দোলন, যার লক্ষ্য ভারতীয় পণ্যের প্রতি গর্ব ও আত্মবিশ্বাসের মনোভাব গড়ে তোলা, স্থানীয় উৎপাদকদের উৎসাহিত করা এবং দেশের অর্থনৈতিক আত্মনির্ভরতা আরও শক্তিশালী করা।
তিনি আরও বলেন, উৎসবের মরশুম ভারতীয় অর্থনীতি, স্থানীয় বাজার এবং কারিগরদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উৎসবের মরশুমে প্রতিটি পরিবার যদি খাদি এবং অন্যান্য স্বদেশি পণ্যকে অগ্রাধিকার দেয়, তাহলে তার প্রত্যক্ষ সুফল দেশের লক্ষ লক্ষ কারিগর, তাঁতি, গ্রামীণ উদ্যোগপতি এবং তাঁদের পরিবারের কাছে পৌঁছাবে। যুবসমাজ, বিশেষত জেন-জি-কে স্বদেশি আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়ার তিনি আহ্বান জানান। তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মের তরুণ-তরুণীরা ফ্যাশন, ডিজাইন, প্রযুক্তি এবং উদ্ভাবনী চিন্তাভাবনার বিষয়ে অত্যন্ত সচেতন। আধুনিক ডিজাইন, আকর্ষণীয় উপস্থাপনা, উন্নত ব্র্যান্ডিং এবং সমসাময়িক জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে খাদি ও গ্রামোদ্যোগের পণ্যগুলিকে আরও আকর্ষণীয় করে তুলতে পারলে যুবসমাজের মধ্যে এই পণ্যগুলির জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে বলে তিনি জানান। তিনি আরও বলেন, তরুণ প্রজন্ম কেবল স্বদেশি পণ্যের ক্রেতা হিসেবেই নয়, বরং এই আন্দোলনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর, ডিজাইনার, ডিজিটাল প্রচারক এবং নতুন উদ্যোগপতি হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘লোকাল টু গ্লোবাল’ ভাবনাকে বাস্তবায়িত করার ক্ষেত্রে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক মাধ্যম, ই-কমার্স, ডিজিটাল মার্কেটিং এবং স্টার্ট-আপের মাধ্যমে তরুণ প্রজন্ম খাদি ও গ্রামোদ্যোগের পণ্যগুলিকে দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দিতে পারে। একইসঙ্গে আন্তর্জাতিক বাজারেও এই পণ্যগুলি একটি নতুন পরিচিতি গড়ে তুলতে সক্ষম। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকশিত ভারত @ ২০৪৭-এর স্বপ্ন এবং ভোকাল ফর লোকাল উদ্যোগের বার্তা তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে খাদি ও গ্রামোদ্যোগ কমিশন বাত খাদি কি নামে একটি পডকাস্ট চালু করেছে।
৩১ অক্টোবর থেকে শুরু হওয়া খাদি দিওয়ালি উৎসব–২০২৬-এ খাদি পণ্যের ওপর ২০ শতাংশ এবং গ্রামোদ্যোগের পণ্যের ওপর ১০ শতাংশ বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।
