ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে কিছুদিন আগেই কলকাতাসহ রাজ্য উত্তাল হয়ে উঠেছিল। গত কয়েক মাসে একে একে ধরা পড়েছিলেন ভুয়ো আইএএস, সরকারি কর্মী, আইপিএস।
এবার দক্ষিণ কলকাতার রাস্তায় ধরা পড়লেন ভুয়ো পুলিশকর্মী।
সূত্র মারফত জানা গেছে গত মঙ্গলবার দক্ষিণ কলকাতার টালিগঞ্জ অঞ্চলে হেলমেট বিহীন বাইকে সওয়ার ছিলেন ওই ভুয়া পুলিশ কর্মী। রিজেন্ট পার্ক ট্রাফিক গার্ডের কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট হেলমেট নিয়ে তাঁকে প্রশ্ন করতে গেলে তিনি নিজেকে কলকাতা পুলিশের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এর অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর বলে পরিচয় দেন। পরিচয় পত্র দেখতে চাওয়া হলে তিনি কলকাতা পুলিশ এনরোলমেন্ট কমিটির একটি পরিচয় পত্র দেখান। সেখানে তার নাম লেখা ছিল রাজীব চক্রবর্তি। পরিচয় পত্র দেখে কর্তব্যরত সার্জেন্টের সন্দেহ হয় এবং সেই পরিচয় পত্রে ছিল কলকাতা পুলিশের লোগো তার সাথে প্রাক্তন এক কর্তার সই।
ধৃত রাজিব চক্রবর্তীকে দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্ক থানায় নিয়ে আসা হয়। পুলিশ তার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনে গ্রেপ্তার করেন। জানা গিয়েছে তিনি উত্তর শহরতলীর বরানগর অঞ্চলের বাসিন্দা।
রিজেন্ট পার্ক থানার সূত্রে জানা গেছে, অভিযুক্ত রাজিব চক্রবর্তীর বিরুদ্ধে আইপিসি ৪১৯,৪৬৭,৪৬৮,৪৭১,১২০ বি ধারায় মামলা রুজু করেছে। পুলিশ সূত্রে জানা গেছে তিনি যে নিজের পরিচয় পত্র দেখিয়েছিলেন তা মোবাইলে সফট কপি ছিল। তিনি নিজেকে কলকাতা পুলিশের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এর এএসআই বলে পরিচয় দিয়েছিলেন । রিজেন্ট পার্ক থানার পুলিশ অভিযুক্ত কাছ থেকে মোবাইল, ড্রাইভিং লাইসেন্স, বাজেয়াপ্ত করেছে। রাজীব চক্রবর্তি বরানগর থানার অন্তর্গত অঞ্চলের অধিবাসী।
অভিযুক্তকে বুধবার কোর্টে তোলা হলে আগামী ২৪ শে আগস্ট পর্যন্ত তাকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।
রিজেন্ট পার্ক থানার পুলিশ এই সমস্ত ঘটনার তদন্ত করছেন।