কলকাতা পুরসভার প্রশাসক মন্ডলীকে ফের ফিরিয়ে আনা হচ্ছে। নির্বাচন কমিশন রাজ্য থেকে আদর্শ নির্বাচনী আচরণ বিধি প্রত্যাহার করে নেওয়ায় ফলে এই সিদ্ধান্ত। রাজ্যে বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর নির্বাচন কমিশনের নির্দেশে কলকাতা পুরসভার রাজনৈতিক প্রশাসক মন্ডলীর সদস্যদের সরিয়ে দেওয়া হয়। পুরোও নগরোন্নয়ন দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কলকাতা পুরসভার ভোট না হওয়া পর্যন্ত পুরো প্রশাসনিক বোর্ডের সদস্যরাই আগের মত সাধারণ নাগরিকদের স্বার্থে কলকাতা পুরসভার প্রশাসনিক কাজ কর্ম পরিচালনা করবেন। তবে এজন্য তারা কোন রকম বেতন-ভাতা বা আর্থিক সুযোগ-সুবিধা পাবেন না।
করোনা পরিস্থিতিতে রাজ্যের বহু পুরসভা এবং পুরনিগমের নির্বাচন সময়মতো করানো যায়নি। যার ফলে মেয়াদ শেষ হয়ে গিয়েছিল প্রাক্তন পুরবোর্ডের সদস্যদের। কিন্তু নাগরিক পরিষেবা যাতে ব্যাহত না হয় তা নিশ্চিত করতে অস্থায়ী ব্যবস্থা হিসেবে পুরসভার কাজ পরিচালনা করার জন্য প্রশাসকমণ্ডলী তৈরির সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। বিদায়ী মেয়র বা পুরপ্রধানদেরই সেই প্রশাসকমণ্ডলীর মাথায় বসানো হয়। কলকাতা পুরনিগমের মুখ্য প্রশাসক ছিলেন ফিরহাদ হাকিম। নির্বাচনের আগে কমিশনে গিয়ে বিজেপি অভিযোগ জানিয়ে এসেছিল, নির্বাচনী আচরণবিধি চালু হওয়ার পরও পুরসভার প্রশাসকরা বিভিন্নভাবে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছেন। পুরসভাগুলিকে ব্যবহার করা হচ্ছে ভোটের কাজে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিশন জানিয়েছিল, পুরপ্রশাসকের পদ থেকে সরাতে হবে রাজনৈতিক ব্যক্তিদের। নির্দেশ মেনে ইস্তফা দিয়েছিলেন ফিরহাদ হাকিম ও প্রশাসক মণ্ডলীর সদস্যরা।শুধু তৃণমূল নয়, বাম, বিজেপি-সহ সমস্ত দলের কো-অর্ডিনেটর যাঁরা ছিলেন প্রত্যেককে কাজে পুনর্বহাল করা হচ্ছে।
