ওয়েব ডেস্ক; ২ জানুয়ারি: প্রতিরক্ষা সচিব গিরিধর আরমানে কলকাতার জিআরএসই-তে দুটি রণতরী নির্মাণের কাজের সূচনা করেছেন। ডুবোজাহাজ প্রতিরোধী এই রণতরী দুটি কম গভীর জলে চলাচল করতে পারবে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরমানে বলেন, জিআরএসই-তে এই রণতরী দুটি নির্মাণের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর ‘আত্মনির্ভর ভারত অভিযান’-এর পথে আরও একধাপ এগোনো সম্ভব হবে। এই দুটি যুদ্ধজাহাজ নির্মাণে ব্যবহৃত সরঞ্জামের ৮০ শতাংশ দেশেই তৈরি করা হবে। এর ফলে ভবিষ্যতে দেশে যুদ্ধজাহাজ নির্মাণে ভারত আরও দক্ষ হয়ে উঠবে এবং নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। অনুষ্ঠানে ভারতীয় নৌ-বাহিনী এবং জিআরএসই-র উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।