পাউরুটি কিনতে হবে বর্ধিত দামে

১৭ই নভেম্বর ২০১৮, কলকাতা, ওয়েবডেস্ক ঃ আগামীকাল অর্থাৎ ১৮ই নভেম্বর থেকে পাউরুটি কিনতে গেলে দিতে হবে বেশি দাম। আজ কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে পাউরুটির দাম প্রতি পাউন্ডে ৪ টাকা করে বাড়ানোর কথা যৌথভাবে  ঘোষণা  করল পশ্চিমবঙ্গ বেকারী মালিকদের জয়েন্ট অ্যাকশন কমিটি ও পশ্চিমবঙ্গ বেকার্শ কো-অরডিনেশন কমিটি।

জয়েন্ট অ্যাকশন কমিটির সম্পাদক তথা সাংসদ শ্রী ইদ্রিশ আলী জানান পাউরুটি ও বেকারীজাত দ্রব্যের জন্য  কাঁচামালের দাম বেড়ে যাওয়ায়, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে প্রতি ৪০০গ্রাম পাউরুটির দাম ২০ টাকা, কিন্তু  আগামীকাল থেকে তা দিতে হবে ২৪ টাকা। ২০০গ্রাম পাউরুটির দাম ১০ টাকা থেকে বেড়ে হবে ১২ টাকা। প্রতি ১০০ গ্রাম পাউরুটির দাম ৫.৫০ টাকা থেকে বেড়ে হবে ৬.৫০ টাকা। শুধুমাত্র পাউরুটি নয় তার সাথে বেকারীজাত  বিভিন্ন দ্রব্য যেমন কেক , বিস্কুট প্রভৃতির দামও  ২০% করে বৃদ্ধি হবে।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ইদ্রিশ বাবু বলেন, শেষ দাম বেড়েছিল ২০১৬ ও ২০১৩ সালে ৪০০গ্রাম পাউরুটির দাম যথাক্রমে  ২ টাকা এবং ৪ টাকা। দেশের বাকি রাজ্যগুলির তুলনায় এ রাজ্যে পাউরুটির দাম সবচেয়ে কম। দাম বাড়ার সাথে সাথে লাইন্সম্যানদেরও কমিশন বাড়ানো হয়েছে। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রী তুষারকান্তি সাহা, শ্রী প্রবীর সাহা, শেখ  ইসমাইল হোসেন প্রমুখ।