ওয়েব ডেস্ক; ১৮ আগস্ট: অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP) জুন ২০২৬-এ অনুষ্ঠিত UGC NET পরীক্ষার ইংরেজি, কমার্স এবং সমাজতত্ত্ব বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়ার সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করছে। NTA-এর জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, এই তিনটি প্রশ্নপত্রে তথ্যগত, টাইপোগ্রাফিক্যাল, অনুবাদ এবং ভাষাগত একাধিক গুরুতর ত্রুটি পাওয়া গিয়েছে। ABVP পূর্বেই UGC সচিবের কাছে স্মারকলিপি প্রদান করে প্রোভিশনাল উত্তরপত্র প্রকাশে বিলম্বের বিষয়ে দ্রুত উত্তরপত্র প্রকাশের দাবি জানিয়েছিল। উত্তরপত্র প্রকাশের পর এই তিনটি বিষয়ে গুরুতর অনিয়ম সামনে আসা পরীক্ষার মান ও বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে।

ABVP বক্তব্য, শিক্ষার্থীদের প্রথমে পরীক্ষা, এরপর ফলাফল এবং এখন পুনরায় পরীক্ষার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে। এর ফলে তাঁদের সময়, অর্থ এবং শিক্ষাজীবনের উপর বিরূপ প্রভাব পড়ছে। এই গোটা ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অসন্তোষ এবং অবিশ্বাসের পরিবেশ তৈরি হয়েছে।

তাদের দাবী, NTA-কে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা বন্ধ করতে হবে এবং গোটা ঘটনার পরিস্থিতি ও দায় স্পষ্ট করতে হবে। শুধুমাত্র পুনঃপরীক্ষা নেওয়াই যথেষ্ট নয়; প্রশ্নপত্র প্রণয়ন, বিশেষজ্ঞদের পর্যালোচনা, অনুবাদ, প্রুফরিডিং এবং চূড়ান্ত গুণমান যাচাইয়ের সম্পূর্ণ প্রক্রিয়ায় প্রাতিষ্ঠানিক পরিবর্তন প্রয়োজন।

ABVP দেশজুড়ে শিক্ষার্থী, শিক্ষাবিদ এবং অন্যান্য অংশীদারদের কাছ থেকে পরীক্ষা ব্যবস্থার সংস্কার সংক্রান্ত পরামর্শ গ্রহণ করছে। চণ্ডীগড়, দিল্লি এবং পাটনায় ইতিমধ্যেই এই বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রাপ্ত পরামর্শগুলি পরীক্ষা সংস্কারের জন্য গঠিত উচ্চপর্যায়ের কমিটির সামনে উপস্থাপন করা হবে। ABVP শিক্ষার্থীদের সমস্যার পাশে দৃঢ়ভাবে রয়েছে এবং সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাবে।

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ড. বীরেন্দ্র সিং সোলাঙ্কি বলেন, “UGC NET-এর মতো জাতীয় স্তরের পরীক্ষায় এই ধরনের গুরুতর ত্রুটি সামনে আসা অত্যন্ত উদ্বেগজনক। NTA-এর গাফিলতির সরাসরি প্রভাব পড়ছে শিক্ষার্থীদের সময়, অর্থ এবং তাঁদের ভবিষ্যতের উপর। শিক্ষার্থীদের সঙ্গে ছেলেখেলা বন্ধ হওয়া উচিত। NTA-এর ভুলের কারণে যেসব শিক্ষার্থী পুনরায় পরীক্ষা দিতে বাধ্য হচ্ছেন, তাঁদের জন্য যথাযথ পরীক্ষা কেন্দ্র বরাদ্দের পাশাপাশি যাতায়াতের উপযুক্ত ব্যবস্থাও নিশ্চিত করতে হবে, যাতে শিক্ষার্থীদের উপর অতিরিক্ত আর্থিক ও মানসিক চাপ না পড়ে।”

তিনি আরও বলেন, “NTA-কে নিশ্চিত করতে হবে যে প্রশ্নপত্র প্রণয়ন, বিশেষজ্ঞ পর্যালোচনা, অনুবাদ এবং চূড়ান্ত গুণমান যাচাইয়ের প্রক্রিয়ায় ভবিষ্যতে এই ধরনের ত্রুটির পুনরাবৃত্তি না ঘটে এবং এর জন্য সুস্পষ্ট দায়বদ্ধতা নির্ধারণ করা হয়। ABVP স্পষ্টভাবে সতর্ক করছে যে, শিক্ষার্থীদের সমস্যার সময়বদ্ধ সমাধান করা না হলে এবং পরীক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার না আনা হলে ABVP দেশজুড়ে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এই বিষয়টি আরও জোরালোভাবে তুলে ধরবে। শিক্ষার্থীদের দাবি পূরণ এবং একটি বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত ABVP তার সংগ্ৰাম অব্যাহত রাখবে।”