ওয়েব ডেস্ক; ২১ জানুয়ারি : ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল (এনজিটি) কলকাতায় তার পূর্বাঞ্চলীয় শাখার জন্য ট্রাইব্যুনালের দপ্তরে শিশুদের খেলার ব্যবস্থা করেছে। দেশের মধ্যে এই ধরনের উদ্যোগ এই প্রথম। এর মধ্য দিয়ে কর্মীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং একটি সর্বাঙ্গীণ কর্মক্ষেত্র সংক্রান্ত ব্যবস্থাপনা নিশ্চিত করতে ট্রাইব্যুনালের প্রগতিশীল উদ্যোগ প্রতিফলিত হয়।
এনজিটি-র চেয়ারপার্সন বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এই ব্যবস্থাপনার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ঈশ্বর সিং, রেজিস্ট্রার দীপ্ত ঘোষ, ডেপুটি রেজিস্ট্রার তনুশ্রী দত্ত, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার যশ কুমার সিং সহ ঊর্ধ্বতন আধিকারিকরা উপস্থিত ছিলেন। শিশুদের উপস্থিতি এই অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করেছিল।
একটি অন্তর্ভুক্তিমূলক, মানবিক প্রতিষ্ঠানের বিভিন্ন সুযোগ-সুবিধা এবং পুরুষ ও মহিলা নির্বিশেষে প্রতিটি কর্মীর সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য এনজিটি-র অঙ্গীকার এর মাধ্যমে প্রতিফলিত হয়েছে। ১৯৬১ সালের সংশোধিত মাতৃত্বকালীন সুবিধা আইনের আওতায় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের ‘পালনা’ প্রকল্পের আওতায় কর্মীদের শিশুদের জন্য এই খেলার জায়গাটির ব্যবস্থা করা হয়েছে। মহিলা কর্মীরা যাতে তাঁদের শিশুদের কর্মক্ষেত্রে নিয়ে আসতে কোনো সমস্যায় না পড়েন তা নিশ্চিত করতে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল, সেটি কার্যকর করতে এই উদ্যোগ। এখানে ৩-১০ বছর বয়সী শিশুদের জন্য একটি নিরাপদ ও স্বাস্থ্যকর খেলার জায়গার ব্যবস্থা করা হয়েছে, যেখানে খেলতে খেলতে শিশুরা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবে। এর ফলে, কর্মীরাও কাজের জায়গা এবং ব্যক্তিগত পরিসরের মধ্যে সুষম একটি ব্যবস্থাপনা গড়ে তুলতে পারবেন।
