ওয়েব ডেস্ক; ৮ মে : লা বিয়েনালে দ্য ভেনেসিয়ায় ৬১তম আন্তর্জাতিক আর্ট একজিবিশনে ভারতের প্যাভিলিয়ন সকলের জন্য উন্মুক্ত করা হল। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, লা বিয়েনালে দ্য ভেনেসিয়ার সভাপতি পিয়েত্রাংগেলো বুত্তাফুকো, সংস্কৃতি মন্ত্রকের সচিব বিবেক আগরওয়াল এবং ইতালিতে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বানি রাও। অনুষ্ঠানে নীতা আম্বানি, ঈশা আম্বানি এবং সুনীলকান্ত মুঞ্জল উপস্থিত ছিলেন।
শেখাওয়াত বলেন, ভৌগোলিক দূরত্ব : সমসাময়িক সময়কালের ভারতে নিজের বাড়িকে মনে রাখা শীর্ষক এই প্রদর্শনী, আমাদের শিকড়ের সন্ধান খুঁজতে যেমন সাহায্য করে, একইভাবে ভবিষ্যতের পরিকল্পনা করতেও সহায়ক হয়। ভারত এক বিবর্তনের মধ্য দিয়ে চলছে যার প্রতিফলন এই প্যাভিলিয়নে আমরা দেখতে পাই। আমাদের সংস্কৃতির শক্তি এবং শৈল্পিক প্রকাশের ক্ষমতা ভারতকে সারা বিশ্বের সঙ্গে যুক্ত করেছে।
এই প্রদর্শনীতে আলোয়ার বালাসুব্রহ্মনিয়ম, রঞ্জিনী শেট্টার, সুমাক্ষী সিং, এস কর্মা সোনম তাশি এবং আসিন ওয়াকিফের ভাস্কর্য প্রদর্শিত হয়েছে। এছাড়াও, সেরেন্ডিপিটি আর্টস সংস্থার একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও প্যাভিলিয়নে মঞ্চস্থ হয়।
