ডা চন্দ্রগুপ্ত
সূর্যোদয়ের পথে পর্ব ৮
৮ ম পর্বের পর…..
জোরে পা চালিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করল বিনোদ। তারিণির কথাগুলো ওর মাথায় ঘুরছে। ও জানে জঙ্গলের ভাইদের শাস্তির বহর। নির্মমভাবে লাঠিপেটা করে ওদের বিচার সভায়। একটা ঘোরের মধ্যেই নমিতার পাশে গিয়ে শুয়ে পড়ল বিনোদ।
চারদিকে জঙ্গল ঘেরা তালবাগান মাঠটা মন্দিরের সামনে। কখনো হয়তো সত্যিই তালবাগান ছিল। কিন্তু কাল প্রবাহে সে তালগাছ এখানে মাত্র তিন-চারটে দাঁড়িয়ে আছে। মাঠের দুই প্রান্তে দুটো বাঁশের গোল পোস্ট, তবে এখন আর কেউ এখানে খেলতে আসে না। রাত বারোটায় এই চাঁদনী রাতে এখানে ভাইদের মিটিং চলছে আজ।
চারদিকে ছড়িয়ে ছিটিয়ে ত্রিশ-পঁয়ত্রিশ জন মানুষ বসে রয়েছে। কারো কাঁধে টাঙ্গি কারো বা একনলা বন্দুক। দুজন শুধু কারবাইন নিয়ে একটু দূরে বসে আছে। ঠিক মধ্যিখানে কাঁচা-পাকা চুল, রোগা চেহারার একজন নেতা বসেছে। সবাই তাকে ‘দাদা’ বলে।’
