কলকাতা; ৬ মে : তৃণমূলের কাউকে যে বিজেপি দলে নেওয়া হবে না সে কথা আগেই জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। সোমবার ফল ঘোষণা হওয়ার পর থেকেই বিভিন্ন জায়গা থেকে হিংসার বেশ কিছু ছবি ধরা পড়ে। দক্ষিণ কলকাতা টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রাক্তন বিধায়ক অরূপ বিশ্বাসের কার্যালয়ে হামলা হয় রাতের দিকে এমন অভিযোগ সামনে এসেছে, সামাজিক মাধ্যমে ভিডিও দেখা গেছে ।
উল্লেখ্য ৬ হাজারের বেশি ভোটে অরূপ বিশ্বাস কে হারিয়েছেন পাপিয়া অধিকারী। বিজেপির রাজ্য সভাপতি ইতিমধ্যেই জানিয়েছেন কোনোভাবে হিংসাকে বরদাস্ত করা যাবে না।
এবিষয়ে বিজেপির টালিগঞ্জ মন্ডল ৩- এর সভাপতি সৌমেন রায়চৌধুরী জানান, ” আমাদের শীর্ষ নেতৃত্ব এবং তার সাথে রাজ্য সভাপতি বলেছেন পালাবদলের পর যদি কেউ বিজেপির পতাকা নিয়ে বিভিন্ন জায়গায় সন্ত্রাস ছড়ায় তার জন্য দল তাদের করা শাস্তির ব্যবস্থা করবে।
তিনি বলেন বিজেপির এই ধরনের সংস্কৃতি নেই। আমি কোলকাতা পুরসভার ১১২, ১১৩ এবং ১১৪ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সভাপতিদের এই বার্তা দিয়েছি যে এই বিষয়টি দেখার জন্য। এমন অনেকেই করছেন যারা আদতে বিজেপি করেন না তারা তৃণমূলের কর্মী এবং তারা বিজেপির পতাকা নিয়ে বিভিন্ন জায়গায় সন্ত্রাস ছড়িয়ে বেড়াচ্ছেন এক্ষেত্রে দলের বদনাম হচ্ছে। বিশেষ করে আমি সাধারণ মানুষকে বলবো এই ধরনের কোন বিষয় যদি তারা দেখেন তাহলে অবিলম্বে স্থানীয় প্রশাসনকে জানান। “
তিনি আরো বলেন এতদিন পর্যন্ত পাড়ায় পাড়ায় যে সিন্ডিকেট রাজ চলছিল তা বন্ধ। যারা দুবেলা দুমুঠো রুটি রুজির জন্য পাড়ায় দোকান নিয়ে বসতেন তাদের কাছ থেকে অনৈতিকভাবে তোলা নেওয়া হচ্ছিল সেই জিনিস এখন আর নয়। বিজেপি সরকার সারা রাজ্যের ভয় মুক্ত পরিবেশ তৈরি করতে উদ্যোগী।