ওয়েব ডেস্ক; ১৮ সেপ্টেম্বর : দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড সিলেকশন কমিটির সুপারিশক্রমে ভারত সরকার অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছে যে ২০২৪-এ সম্মানজনক দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করা হবে প্রবীণ অভিনেতা অনন্ত নাগকে ভারতীয় সিনেমার প্রসার ও উন্নয়নে তাঁর অসাধারণ ও অমূল্য অবদানের জন্য। ৫ দশকের দীর্ঘ চলচ্চিত্র জীবন যা প্রজন্মের পর প্রজন্ম শিল্পীদের উৎসাহিত করেছে এবং দেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে তার জন্যই এই পুরস্কার। অনন্ত নাগের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে গুজরাটের কেভাডিয়ায় ২২ সেপ্টেম্বর ২০২৬-এ ৭২ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে।
অনন্ত নাগ ১৯৪৮-এর ৪ সেপ্টেম্বর কর্ণাটকে জন্মগ্রহণ করেন। তাঁর প্রথম কন্নড় ছবি সংকল্প এবং হিন্দিতে তাঁর প্রথম অভিনয় অঙ্কুর ছবিতে। বিভিন্ন ভাষায় ৩০০-র বেশি ছবিতে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। বিশেষ করে মালগুড়ি ডেজ-এ তাঁর অভিনয় ছিল মনে রাখার মতো। ৫ বার ফিল্ম ফেয়ার পুরস্কার এবং ৫ বার কর্ণাটক রাজ্য সেরা অভিনেতা পুরস্কারের পাশাপাশি পেয়েছেন কর্ণাটক রাজ্যোৎসব পুরস্কার, কর্ণাটক সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার, কর্ণাটক রাজ্য জীবনকৃতি পুরস্কার। ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয় (উত্তর) তাঁকে সান্মানিক ডক্টরেটে ভূষিত করে।
চলচ্চিত্র ছাড়াও অনন্ত নাগ ১৯৮৮ থেকে ১৯৯৪ ছিলেন কর্ণাটক বিধান পরিষদের সদস্য এবং ১৯৯৪-১৯৯৯ ছিলেন বিধানসভার সদস্য। ব্যাঙ্গালোর সিটি ডেভেলপমেন্ট মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন তিনি। ২০২৫-এ ভারত সরকার তাঁকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করে।
সূত্র : পি আই বি
