
শুভাবরি ওয়েবডেস্ক, ৩ এপ্রিল, কলকাতা: করোনা বিশ্ব মহামারীর বিরুদ্ধে দেশব্যাপী লকডাউনের আজ ৯ দিন পূর্ণ হচ্ছে। আজ সকালে প্রধানমন্ত্রী ভিডিও বার্তা দেন দেশবাসীকে।
তিনি দেশবাসীকে এই লকডাউনকে সফল করার জন্য ধন্যবাদ জানান । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন,”এটি লকডাউনের সময় অবশ্যই, আমরা নিজের নিজের বাড়িতে অবশ্যই রয়েছি, কিন্তু আমরা কেউ একা নই। ১৩০ কোটি ভারতবাসীর সামগ্রিক শক্তি প্রত্যেক ব্যক্তির সঙ্গে রয়েছে, রয়েছে প্রত্যেক ব্যক্তির সম্বল।
আমাদের দেশে মানা হয় যে, জনতা জনার্দন ঈশ্বরেরই রূপ। সেজন্য দেশ যখন এত বড় লড়াই লড়ছে, তখন এই লড়াইয়ে বারবার জনতারূপী মহাশক্তির অভিব্যক্তি প্রকাশ করে যেতে হবে।
এই অভিব্যক্তি আমাদের মনোবল দেবে, লক্ষ্য স্থির রাখবে, লক্ষ্য পূরণের জন্য প্রাণশক্তি যোগাবে, আমাদের যাত্রাপথকে আরও স্পষ্ট করবে। করোনা মহামারীর ফলে বিস্তৃত অন্ধকারের মাঝে, আমাদের নিরন্তর আলোর পথে যেতে হবে।
যাঁরা এই করোনা সঙ্কটে সবচেয়ে বেশি প্রভাবিত, আমাদের গরিব ভাইবোন – তাঁদেরকে নিরাশা থেকে আশার পথে নিয়ে যেতে হবে।
এই অন্ধকারময় করোনা সঙ্কটকে পরাজিত করার জন্য আমাদের আলোর তেজকে চারদিকে ছড়িয়ে দিতে হবে। আর সেইজন্য – ৫ই এপ্রিল রাত ৯টা, বাড়ির সমস্ত আলো নিভিয়ে দিয়ে বাড়ির দরজা কিংবা ব্যালকনি-তে দাঁড়িয়ে থেকে, ৯ মিনিটের জন্য মোমবাতি, প্রদীপ, টর্চ কিংবা মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালান।
সেই আলোতে, এই রোশনাইয়ে, সেই উজ্জ্বলতায় আমরা নিজের মনে এই সঙ্কল্প করবো যে আমরা একা নই, কেউ-ই একা নয়! ১৩০ কোটি দেশবাসী একটাই শপথ নিয়ে কৃতসঙ্কল্প। “
প্রধানমন্ত্রী অনুরোধ করেন, “এই কর্মসূচির সময়ে আপনারা কেউ কোথাও একত্রিত হবেন না এবং
পথে, গলিতে কিংবা পাড়ায় বেরিয়ে পড়বেন না। নিজের বাড়ির দরজায়, ব্যালকনিতে দাঁড়িয়েই এটা করতে হবে। সোশ্যাল ডিস্টেন্সিং – এর লক্ষ্মণরেখা কখনও অতিক্রম করবেন না। আবার সোশ্যাল ডিস্টেন্সিং কোনও অবস্থাতেই ভাঙবেন না। “
সূত্র: পি আই বি
