
শুভাবরি ওয়েবডেক্স, ২০ ফেব্রুয়ারি, কলকাতাঃ পরিবেশ বন্ধু রাজ্য হওয়ার লক্ষ্যে আরোও এক পা বাড়ালো পশ্চিমবঙ্গ । কলকাতার মাটিতে চলবে ইলেক্ট্রিক বাস। প্রাথমিক ভাবে আজ পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তরকে দেওয়া টাটা মোটরসের ২০ টি শীততাপ নিয়ন্ত্রিত ইলেক্ট্রিক বাসের নবান্ন থেকে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। টাটা মোটরর্স সর্বসাকুল্যে ৮০ টি এসি বাস সরবরাহ করবে। পরবর্তী ২০টি বাস সরবরাহ হবে আগামী ৩১ শে মার্চের মধ্যে। বাকী ৪০ টি সরবরাহ হবে ধীরে ধীরে।
টাটা মোটরর্সের তরফ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, এই ইলেকট্রিক বাস একবার চার্জ নিলে ১৫০ কিলোমিটার পর্যন্ত যেতে পারবে। প্রাথমিক ভাবে নোনাপুকুর, কসবা, নেউটাউন, এবং বেলঘরিয়াতে চার্জিং স্টেশন রাখা হয়েছে। দ্রুত চার্জিংএর জন্য হাওড়া এবং সাঁতরাগাছিতেও ব্যবস্থা করা হয়েছে । এর কাঠামো অনুযায়ী বাসের ব্যাটারিটি থাকছে বাসের ওপরের দিকে, ফলে রাস্তায়ে জল জমার ফলে বাস বিকল হওয়া থেকে রক্ষা পাওয়া যাবে। ব্যাটারি আধুনিক ভাবে তৈরির জন্য তাপমাত্রা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। ৩১ টি আসন সংখ্যার এই বাসে ৫০% কম জ্বালানি খরচ হবে।
রাজ্য পরিবহন দপ্তর থেকে জানানো হয়েছে হাওড়া থেকে যাদবপুর, গড়িয়া থেকে এয়ারপোর্ট, বেহালা থেকে রাজারহাট ও এসপ্লেনেড থেকে সাতরাগাছি পর্যন্ত এবং ধীরে ধীরে এই বাস সারা রাজ্যে চালানো হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী, তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন, রাজ্য পরিবহন দপ্তরের ম্যানেজিং ডিরেক্টর নারায়ণ স্বরুপ নিগম , টাটা মোটরর্সের হয়ে রোহিত শ্রীবাস্তব সহ প্রমুখ।
