ওয়েব ডেস্ক; ১৫ সেপ্টেম্বর : সারাদেশ থেকে বিশেষজ্ঞ জ্যোতির্বিজ্ঞান ফটোগ্রাফার ও শৌখিন জ্যোতির্বিজ্ঞানীরা লাদাখের হানলেতে অবস্থিত ভারতীয় জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণাগারে ৭ থেকে ১২ সেপ্টেম্বর, অনুষ্ঠিত ‘হানলে ডার্ক স্কাই রিজার্ভ স্টার পার্টি’-র চতুর্থ সংস্করণে অংশগ্রহণ করেন।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের বন্যপ্রাণী সুরক্ষা বিভাগ, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার এবং টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে চণ্ডীগড়, গোয়া, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র, নয়াদিল্লি, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, রাজস্থান এবং উত্তর প্রদেশ থেকে প্রায় ৪০ জন শৌখিন জ্যোতির্বিজ্ঞানী অংশগ্রহণ করেন। হানলের অন্ধকার আকাশের নিচে তাঁরা চার রাত কাটান।
১০ই সেপ্টেম্বর স্থানীয় সম্প্রদায় এবং নিকটবর্তী পর্যটকদের জন্য আয়োজিত ‘ওপেন নাইট’-এ ১২০০-এরও বেশি মানুষের সমাগম ঘটে।
স্টার পার্টির অংশগ্রহণকারীরা, এইচডিএসআর অ্যাস্ট্রোনমি অ্যাম্বাসাডর এবং অবজারভেটরির কর্মীদের সঙ্গে দর্শনার্থীদের অপেশাদার টেলিস্কোপের মাধ্যমে মহাকাশ দেখান এবং সন্ধ্যা জুড়ে তাদের অসংখ্য প্রশ্নের উত্তর দেন। এলাকার বিভিন্ন সংস্থার কর্তাদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল এবং ওই অঞ্চলে আলোক দূষণ কমানোর গুরুত্ব সম্পর্কে তাদের অবহিত করা হয়।
এইচডিএসআর অ্যাস্ট্রোনমি অ্যাম্বাসাডরদের জন্য প্রতি সন্ধ্যায় বিশেষ প্রশিক্ষণ পর্বের আয়োজন করা হয়েছিল। এই অ্যাম্বাসাডররা হলেন ২৫ জন স্থানীয় গ্রামবাসী, যাদের গত তিন বছর ধরে পর্যটকদের জন্য জ্যোতির্বিজ্ঞান ভ্রমণ পরিচালনা করার প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং লাদাখ সরকার তাদের টেলিস্কোপ সরবরাহ করেছে। বিশেষজ্ঞ অংশগ্রহণকারীরা পরামর্শদাতা হিসেবেও কাজ করেন এবং অ্যাম্বাসাডরদের রাতের আকাশ পর্যবেক্ষণ ও অ্যাস্ট্রোফটোগ্রাফির অনেক ব্যবহারিক দিক শেখাতে সাহায্য করেন।
লাদাখের হানলে ডার্ক স্কাই রিজার্ভ (এইচডিএসআর) তার অন্ধকার রাতের আকাশের জন্য বিখ্যাত, যা এটিকে অ্যাস্ট্রোফটোগ্রাফার এবং অপেশাদার জ্যোতির্বিজ্ঞানীদের জন্য একটি অত্যন্ত আকর্ষণীয় স্থান করে তুলেছে। ২০২২ সালের ডিসেম্বরে লাদাখ সরকার একে ডার্ক স্কাই রিজার্ভ হিসাবে ঘোষণা করে। এটি একটি আর্থ-সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ। জ্যোতির্বিজ্ঞান-পর্যটনকে উৎসাহিত করা এবং আলোক দূষণ হ্রাস করা এর মূল দুটি লক্ষ্য।
এইচডিএসআর-এর কেন্দ্রবিন্দুতে রয়েছে হানলের ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি। এই অবজারভেটরিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ (ডিএসটি)-এর অধীনস্থ একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আইআইএ দ্বারা পরিচালিত হয়।
অবজারভেটরির দায়িত্বে থাকা বিজ্ঞানী এবং আইআইএ-এর অধ্যাপক ডিকে সাহু বলেন, হানলেতে ৩.৭-মিটারের উন্নত হিমালয়ান চন্দ্র টেলিস্কোপ এবং ১৩.৭-মিটারের ন্যাশনাল লার্জ অপটিক্যাল-ইনফ্রারেড টেলিস্কোপ স্থাপনের প্রস্তাব থাকায়, এর অন্ধকার আকাশকে রক্ষা করার জন্য আমাদের সংকল্পবদ্ধ হওয়া আবশ্যক।
