ওয়েব ডেস্ক; ৬ জুন : এদিন রাজ্যের সচিবালয় নবান্নে আয়োজিত একটি বৈঠকে, কেন্দ্রীয় রেল, তথ্য ও সম্প্রচার এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী চার-পাঁচ বছরে কলকাতা মেট্রো নেটওয়ার্কের আধুনিকীকরণে ৬০টি নতুন প্রজন্মের মেট্রো রেক চালু করার কথা ঘোষণা করলেন। কলকাতায় এসে তিনি মেট্রোর দ্রুত সম্প্রসারণের ওপর আলোকপাত করে বলেন, বিগত ৪০ বছরে যেখানে মাত্র ২৭ কিমি লাইন যুক্ত হয়েছিল, সেখানে গত ১১ বছরে ৪৫ কিমি লাইন যুক্ত হয়েছে।
পশ্চিমবঙ্গের ডানকুনি থেকে গুজরাটের সুরাট পর্যন্ত প্রস্তাবিত পূর্ব-পশ্চিম ডেডিকেটেড গ্রিনফিল্ড ফ্রেট করিডোরের ওপর জোর দিয়ে তিনি বলেন, ২,০৫২ কিমি দীর্ঘ এই রুটটি ভারতের পূর্বাঞ্চলীয় এবং পশ্চিমাঞ্চলীয় শিল্প হাবগুলির মধ্যে লজিস্টিকস এবং বাণিজ্য দক্ষতা বৃদ্ধির জন্য তৈরি করা হচ্ছে।
মন্ত্রী আরও বলেন যে, পশ্চিমবঙ্গকে রেকর্ড ১৪,২০৫ কোটি টাকার রেল বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে, যা আগামী দিনে যাত্রী সুবিধা ও লজিস্টিকস পরিষেবাগুলিকে গতিশীল করবে দ্রুত গতিতে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চিংড়িঘাটায় মেট্রো পিলারের ৩৪ মিটারের ব্যবধান বা গ্যাপের কাজ যে দ্রুততার সঙ্গে সম্পন্ন হয়েছে, তার ভূয়সী প্রশংসা করেন বৈঠকে। তিনি বলেন, এই কাজ মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে সম্পন্ন করা হয়েছে।
মুখ্যমন্ত্রীর আহ্বানে আয়োজিত এই বৈঠকে কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুর, পশ্চিমবঙ্গের মন্ত্রী পরিষদ, এবং পূর্ব রেল, দক্ষিণ পূর্ব রেল ও মেট্রো রেলের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
