কলকাতা; ৬ নভেম্বর : করদাতাদের পাশাপাশি, কর সংক্রান্ত পেশাদারদের মধ্যে ক্ষুদ্র করদাতাদের বিদেশে থাকা সম্পদ প্রকাশ প্রকল্প, ২০২৬-এর বিধান, যোগ্যতার মাপকাঠি এবং অপ্রকাশিত বিদেশি সম্পদ ও আয় স্বেচ্ছায় প্রকাশের পদ্ধতি সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে আয়কর দফতর আজ কলকাতায় একটি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে।
এই কর্মসূচিতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কর পরামর্শদাতা, আইনজীবী এবং করদাতারা অংশ নেন। প্রকল্পের বিভিন্ন দিক এবং নিয়ম মেনে চলার শর্তাবলী নিয়ে তাঁদের প্রশ্নের উত্তর দিতে একটি মতবিনিময় পর্বেরও আয়োজন করা হয়।
অংশগ্রহণকারীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে কলকাতার আয়কর বিভাগের প্রধান মুখ্য কমিশনার-২ অলোক সিং ব্যাখ্যা করে বলেন, এই প্রকল্পের মাধ্যমে যোগ্য করদাতারা নির্দিষ্ট কিছু অপ্রকাশিত বিদেশি সম্পদ ও বিদেশি আয় স্বেচ্ছায় প্রকাশের সুযোগ পাবেন। এর মধ্যে স্থাবর সম্পত্তি এবং বিদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টও অন্তর্ভুক্ত। তিনি আরও স্পষ্ট করেন এভাবে, যে, বর্তমানে যাঁরা অনাবাসী, নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে তাঁরাও এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য হতে পারেন। এর মধ্যে এমন ব্যক্তিরাও রয়েছেন, যাঁরা অপ্রকাশিত আয় অর্জন বা বিদেশি সম্পদ অধিগ্রহণের সংশ্লিষ্ট বছরে ভারতের বাসিন্দা ছিলেন।
সিং জানান, বিদেশি সম্পদ ও আয় প্রকাশ না করলে জরিমানা-সহ অন্যান্য গুরুতর আইনি পরিণতির মুখে পড়তে হতে পারে। ক্ষুদ্র করদাতাদের স্বেচ্ছায় নিয়ম মেনে চলতে উৎসাহিত করা এবং নির্ধারিত কর বা ফি প্রদানের শর্তে তথ্য প্রকাশের সুযোগ দিতেই এই প্রকল্পের সূচনা করা হয়েছে। সচেতনতা বৃদ্ধি ও প্রচারমূলক উদ্যোগ গ্রহণের ফলে তথ্য প্রকাশের সংখ্যা বাড়ছে বলেও তিনি জানান। করদাতা ও কর সংক্রান্ত পেশাদারদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ করে দেওয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান তিনি। ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের সম্ভাবনার কথা জানান শ্রী সিং।
