ওয়েব ডেস্ক; ৫ নভেম্বর : সোনা ও রুপোর গয়নার বিশুদ্ধতা সম্পর্কে নিশ্চয়তা প্রদানের মাধ্যমে হলমার্কিং গ্রাহকদের সচেতন সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। নির্ধারিত মানদণ্ড, ডিজিটাল ট্রেসেবিলিটি এবং নিয়ন্ত্রক যাচাইয়ের মাধ্যমে ভারতীয় মানক ব্যুরো (BIS) এই ব্যবস্থার তত্ত্বাবধান করে। ২০২১ সালে বাধ্যতামূলকভাবে সোনার হলমার্কিং চালু হওয়ার পর, এবছর ১৫ অক্টোবর পর্যন্ত ৬৫ কোটিরও বেশি সোনার সামগ্রীতে হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন (HUID) নম্বর দেওয়া হয়েছে। একই সময়ে, BIS-নিবন্ধিত গয়না ব্যবসায়ীর সংখ্যা ৪৩,১৫৩ থেকে বেড়ে ২,৩৬,৬২৪ হয়েছে। রুপোর ক্ষেত্রে হলমার্কিং এখনও স্বেচ্ছামূলক হলেও, ১ সেপ্টেম্বর ২০২৫ থেকে হলমার্কযুক্ত সমস্ত রুপোর সামগ্রীতে HUID-ভিত্তিক চিহ্নিতকরণ বাধ্যতামূলক হয়েছে। এখনও পর্যন্ত ৯০ লক্ষেরও বেশি রুপোর সামগ্রীতে HUID-সহ হলমার্কিং করা হয়েছে। BIS CARE অ্যাপের মাধ্যমে ডিজিটাল যাচাই এবং ধারাবাহিক নজরদারি গ্রাহকদের গয়নার বিবরণ পরীক্ষা করতে সাহায্য করে এবং বাজারে আরও স্বচ্ছতা প্রতিষ্ঠায় সহায়ক হয়।
গ্রাহকের আস্থার প্রয়োজনীয়তা
প্রজন্মের পর প্রজন্ম ধরে ভারতীয় পরিবারগুলিতে সোনার বিশেষ স্থান রয়েছে। এটি একদিকে যেমন মূল্যবান সম্পদ, অন্যদিকে তেমনই সঞ্চিত মূল্যের একটি মাধ্যম। পরিবারগুলি প্রায়শই মুদ্রাস্ফীতির প্রভাব থেকে সুরক্ষিত থাকতে এবং জরুরি প্রয়োজনে গয়না বন্ধক রেখে ঋণ পাওয়ার সুবিধার্থে সোনা কেনে। তবে সোনার গয়নার বিশুদ্ধতা সবসময় সহজে নির্ধারণ করা যায় না।
সোনা অত্যন্ত নরম হওয়ায় দৈনন্দিন ব্যবহারের ক্ষয় সহ্য করতে পারে না। তাই গয়না তৈরির জন্য এর সঙ্গে অন্যান্য ধাতু মেশানো হয়। এই প্রক্রিয়া প্রয়োজনীয় হলেও, এর ফলে, ভেজাল মেশানো এবং বিশুদ্ধতা সম্পর্কে ভুল তথ্য দেওয়ার সুযোগ তৈরি হতে পারে। তাছাড়া, একাধিক সংযোগস্থলযুক্ত জটিল নকশার গয়না কিংবা সোনার প্রলেপ দেওয়া সামগ্রীতে প্রকৃত সোনার পরিমাণ নির্ধারণ করা আরও কঠিন হয়ে পড়ে। এ ধরনের অনিয়ম থেকে ভোক্তাদের সুরক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধি করে সরকার দেশে সোনার পণ্যের মান নির্ধারণ এবং হলমার্কিং চালুর লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করে।
হলমার্কিং কি?
হলমার্কিং ভোক্তা-সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা, যার মাধ্যমে নির্ধারিত মানদণ্ড অনুযায়ী মূল্যবান ধাতুর সামগ্রীর বিশুদ্ধতা প্রত্যয়িত হয়। এটি ভোক্তাদের সচেতনভাবে কেনাকাটার সিদ্ধান্ত নিতে সাহায্য করে এবং যে বিশুদ্ধতার সোনা তাঁরা পাচ্ছেন, তার চেয়ে বেশি বিশুদ্ধতার জন্য মূল্য দেওয়ার ঝুঁকি কমায়।
